বরিশালে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ
জামায়াতে ইসলামীর ৪৮ ঘণ্টার হরতালের শুরুতে বুধবার বরিশাল নগরীতে হাতবোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ করেছে পিকেটাররা।
দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় হওয়ার পর বুধ ও বৃহস্পতিবার টানা ৪৮ ঘণ্টার হরতাল ডাকে তারা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর পৌনে ৬টায় নগরীর সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের প্রথম গেটে একটি রিকশা ভাংচুর করে জামায়াত-শিবির কর্মীরা। এ সময় হাতবোমাও ফাটায় তারা।
এছাড়া ভোর সাড়ে ৬টার দিকে টেক্সটাইল পুরানপাড়ায় হরতালের সমর্থনে মিছিল বের করে শিবিরকর্মীরা। তারা টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে।
এর আগে ভোর সোয়া ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুর আনসার-ভিডিপি ক্যাম্প এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে হরতালের সমর্থনে স্লোগান দেয় জামায়াত-শিবিরকর্মীরা।
কোতোয়ালি মডেল থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, বিএম কলেজসহ নগরীর বিভিন্ন পয়েন্টে জামায়াত-শিবিরকর্মীরা যানবাহনে ভাংচুরের চেষ্টা করে।
তবে পুলিশের তৎপরতায় তারা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারেনি।
এদিকে জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মহানগর আওয়ামী লীগ।
সকালে নগরীর লঞ্চঘাট এলাকা থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার টাউন হলের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরন।
হরতালে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে।
নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো বাস বা কোচ ছেড়ে যায়নি।
বরিশাল বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন জানান, পিকেটারদের হামলায় সম্ভাব্য ক্ষতির আশঙ্কায় বাস চলাচল বন্ধ রেখেছে মালিক পক্ষ।
