সাগরে জাহাজ বিকল, আটকে আছে ২৩৬ যাত্রী
হাতিয়া থেকে আসার পথে সন্দ্বীপের কাছাকাছি গভীর সমুদ্রে ২৩৬ জন যাত্রী নিয়ে আটকে গেছে জাহাজ এমভি মনিরুল হক।
মঙ্গলবার দুপুরে বঙ্গোপসাগরের গভীরে সন্দ্বীপ সোল নামক স্থানে যাত্রীবাহী জাহাজটি আটকে যায়।
জাহাজটির ইঞ্জিন বিকল না চরে আটকে গেছে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
সংস্থাটির সহকারী ব্যবস্থাপক (যাত্রী) নাছির মোহাম্মদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্দ্বীপ সোলের জাইল্ল্যার চরে কাছাকাছি গভীর সমুদ্রে জাহাজটি বিকল বা চরে আটকে গিয়ে থাকতে পারে।
তিনি বলেন, এমভি মনিরুল হক জাহাজে ২৩৬ জন যাত্রী রয়েছে।
সন্দ্বীপ থানার ওসি গিয়াস উদ্দিন জানান, সমুদ্রে জাহাজটির ইঞ্জিন বিকল হয়েছে বলে শুনেছি।
