শ্রমিক বিক্ষোভের মুখে পোশাক কারখানায় ছুটি
ন্যূনতম বেতন ৮ হাজার টাকার দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভের মুখে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকালে শ্রমিক অসন্তোষের মুখে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে হোতাপাড়া ও মণিপুর এলাকার জাহিন টেক্স, সিলভার লাইন, অ্যারাবিক ফ্যাশন, এলিগ্যান্ট গার্মেন্টসহ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মোশারফ হোসেন জানান, ন্যূনতম বেতন ৮ হাজার টাকা করার দাবি জানিয়ে সকাল সাড়ে ৯টার দিকে হোতাপাড়া এলাকার জাহিন টেক্স পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে।
“এ সময় তারা ওই কারখানার ইট ছুঁড়ে জানালার কাচ ভাংচুর করে। পরে তারা সেখান থেকে পাশের সিলভার লাইন, অ্যারাবিক ফ্যাশন, এলিগ্যান্ট গার্মেন্টসহ কয়েকটি কারখানায় গিয়ে শ্রমিকদেরকে আন্দোলনে যোগ দেয়ার আহ্বান জানায়।”
শ্রমিকরা আহ্বানে সাড়া না দেয়ায় বিক্ষুব্ধরা ওইসব কারখানায়ও ইট ছুঁড়ে কাচ ভাংচুর শুরু করে বলে অভিযোগ করেন এএসপি।
তিনি জানান, পরে তারা পাশের ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধের চেষ্টা করে। পরে পুলিশ গিয়ে ধাওয়া দিলে পরিস্থিতি শান্ত হয়।
অবস্থার পরিপ্রেক্ষিতে এসব কারখানা দুপুর ১২টার দিকে মঙ্গলবারের জন্য কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে বলে জানান এএসপি।
