২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষকের অধিকার রক্ষায় কৃষি আদালত চান সাংসদরা

কৃষকের অধিকার রক্ষায় কৃষি আদালত প্রতিষ্ঠার পক্ষে অবস্থান জানিয়েছেন ক্ষমতাসীন মহাজোটের কয়েকজন সাংসদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 05:44 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

ভেজাল ও নিম্নমানের বীজ, সার ও কীটনাশকের বাজার নিয়ন্ত্রণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে আইন প্রণয়ন ‘জরুরি’ বলে মনে করেন তারা।

মঙ্গলবার সংসদ ভবনের আইপিডি সম্মেলন কক্ষে ‘কৃষি উন্নয়ন ও নীতি সহায়তা’ শীর্ষক এক মতবিনিময় সভায় তারা এই অভিমত জানান।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, “বহুজাতিক কোম্পানিগুলো থেকে বীজ নিয়ে কৃষকরা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে। এই কোম্পানিগুলোর বিরুদ্ধে মামলার ক্ষমতা কৃষকের নেই। মামলা হলেও তা তুলে নিতে বাধ্য হয় তারা। আর তা না হলে মামলার বিচার আটকে যায়। তাই কৃষকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে কৃষি আদালত প্রতিষ্ঠা করতে হবে।”

কৃষি আদালত প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরে আওয়ামী লীগের সিরাজুল আকবর বলেন, “এই আদালত প্রতিষ্ঠা হলে সার ও বীজে ভেজাল রোধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি কৃষকের সকল সমস্যা সমাধানে ব্যবস্থা করা সম্ভব হবে।”

তিনি এ বিষয়ে বিল আনার আহ্বান জানান।

জাসদের শাহ জিকরুল আহম্মেদ জাতীয় কৃষি নীতি দ্রুত চূড়ান্ত করে তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

কৃষি আদালত প্রতিষ্ঠায় আইন প্রণয়নের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন ডেপুটি স্পিকার শওকত আলীও। তবে শুধু আইন প্রণয়নই নয়, তা বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণের পক্ষে তিনি।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার বলেন, “আইন তৈরি করা বড় কথা নয়। আইনের প্রয়োগই আসল কথা। আমাদের দেশে অনেক আইনেরই প্রয়োগ হয় না।”

কৃষকের অধিকার প্রতিষ্ঠা এবং কৃষককে আইনি সহায়তা দিতে সহযোগিতার জন্য কৃষি আদালত প্রতিষ্ঠার লক্ষ্যে সংসদে বিল আনার আহ্বান জানান তিনি।

বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশন আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি শওকত মোমেন শাহজাহান।

সভায় অন্যদের মধ্যে সাংসদ নূরজাহান বেগম, ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসীন আলী, ইউএসএইডের অর্থায়নে পরিচালিত প্রদীপ কর্মসূচির সিএসও শীলা তাসনিম হক বক্তব্য রাখেন।