কক্সবাজারে জামায়াত-শিবিরের ৬ জন আটক
কাদের মোল্লার ফাঁসির রায়ের পর নাশকতার চেষ্টার অভিযোগে কক্সবাজার শহর ও টেকনাফ থেকে জামায়াত ও শিবিরের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে এ দুই অভিযোনে চারজনকে আটক করা কক্সবাজারে এবং দুজনকে আটক করা হয় টেকনাফে।
টেকনাফ থানার ওসি মোহাম্মদ ফরহাদ জানান, দুপুর আড়াইটার দিকে হ্নীলা স্টেশন থেকে আটক করা হয় কক্সবাজার জেলা জামায়াতের রুকন ও হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী এবং টেকনাফ উপজেলা জামায়াতের আমির নুর হোসেন সিদ্দিকীকে।
মিছিল নিয়ে নাশকতার চেষ্টাকালে পুলিশ তাদের আটক করে বলে তিনি জানান।
এদিকে কক্সবাজার শহরের খুরুশকুলে সড়ক থেকে আটকরা হলেন শিবিরকর্মী মোরশেদুল আমিন, মাহাফুজুল হক, আকাশ ও হাসান।
কক্সবাজার সদর ওসি জসিম উদ্দিন জানান, কাদের মোল্লার ফাঁসির রায়ের পর শহরের হাশেমিয়া মাদ্রাসা থেকে একদল শিবিরকর্মী মিছিল নিয়ে খুরুশকুল রাস্তার মাথায় আসে।
খুরুশকুল রাস্তার মাথায় প্রধান সড়কে তারা ইট ও গাছ ফেলে সড়ক অবরোধের চেষ্টা চালায়।
পরে পুলিশ গেলে পালিয়ে যাওয়ার সময় চার শিবিরকর্মীকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হচ্ছে বলেও তিনি জানান।
