সিরাজগঞ্জে জামায়াত-পুলিশ সংঘর্ষ
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় ঘোষণার পর সিরাজগঞ্জে জামায়াত-শিবির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
এ সময় পুলিশকে লক্ষ্য করে দুইটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।
সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, ফাঁসির রায় ঘোষণার পর ডাকা হরতালের সমর্থনে দুপুর ১টার দিকে শহরের ই বি রোডে একটি ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবির।
মিছিলটি ভাসানী মিলনায়তন এলাকায় পৌঁছলে পুলিশ মিছিলকারীদের বাধা দেয়ার চেষ্টা করে।
এ সময় মিছিলকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পুলিশকে লক্ষ্য করে দুইটি হাতবোমা ফাটায় তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলেও জানান তিনি।
