২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাভোগ শেষে দেশে ফিরল ১০ তরুণী 

ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে ১০ তরুণী দেশে ফিরেছেন। তাদের সঙ্গে এক বছর বয়সী এক শিশুও রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 11:41 AM

Updated : 23 Aug 2022, 06:55 PM

সোমবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বেনাপোল সীমান্তে তাদেরকে হস্তান্তর করে।

পরে তাদের বেনাপোল পোর্ট থানার মাধ্যমে দুটি মানবাধিকার সংস্থার জিম্মায় দেয়া হয়।

এরা হলেন পায়েল (২০), সোনালী (১৮), সুমি (১৫), তানিয়া (১৬), সালমা (১৭), রাবেয়া (১৮), মর্জিনা (১৭), রেশমা (১৭), হোসনেয়ারা (১৮), সীমা (১৯) ও আরিফ (০১)।

এদের বাড়ি খুলনা, চাঁদপুর, চুয়াডাঙ্গা ও ঢাকার বিভিন্ন স্থানে বলে পুলিশ জানিয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি পরিদর্শক কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দালালের পাল্লায় পড়ে বিভিন্ন সময় তারা অবৈধপথে ভারতে পাচার হন। পরে মুম্বাইয়ে কাজের সন্ধানে ঘোরাঘুরির সময় পুলিশের হাতে আটক হন।

অবৈধ অনুপ্রবেশের দায়ে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়। সাজার মেয়াদ শেষে তাদের মুম্বাইয়ের ‘সংলাপ’ নামের একটি বেসরকারি শেল্টার হোমে রাখা হয়।

পরে ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে দেশে ফেরত আনা হয়।

তাদের হস্তান্তরের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওসি কামরুজ্জামান আরো বলেন, থানা থেকে তাদের মধ্যে আটজনকে ‘বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি’ এবং তিনজনকে যশোরে মানবাধিকার সংস্থা ‘রাইটস’ এর শেল্টার হোমে পাঠানো হয়।

রাইটসের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক জানান, তাদেরকে অভিভাবকদের কাছে পৌঁছে দেয়ার ব্যবস্থা করবেন তারা।