কাদের মোল্লার রায়: আদালত এলাকায় কঠোর নিরাপত্তা
যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার চূড়ান্ত রায়কে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট এলাকায় কঠোর নিরাপত্তা বেষ্টনি তৈরি করা হয়েছে।
“এলাকাটি এখন নিরাপত্তার চাদরে ঢাকা,” বলেছেন হাই কোর্ট পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুস সালাম।
মঙ্গলবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা বলেন তিনি।
কয়েক ঘণ্টার মধ্যেই আপিল বিভাগ এই জামায়াতে ইসলামীর নেতার আপিলের চূড়ান্ত রায় দেবে। আপিল বিভাগের দিনের কার্যতালিকার শুরুতেই রয়েছে এই মামলা।
গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল করেন জামায়াত নেতা। অন্যদিকে তার সর্বোচ্চ শাস্তির দাবিতে আপিল করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
দুটি আপিলের রায়ই এক সঙ্গে দেবে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ।
এর আগে ট্রাইব্যুনালের রায়কে কেন্দ্র করে রাজধানীতে ভাংচুর চালিয়েছিল জামায়াতকর্মীরা। সেজন্য সবগুলো রায়ের সময়ই আদালত এলাকায় বাড়তি সতর্কতা নেয়া হয়েছিল।
আপিলের রায়ের আগে মঙ্গলবার সকাল থেকে আদালত এলাকায় ব্যাপক পুলিশের উপস্থিতি দেখা যায়।
ঢাকা মহানগর পুলিশের রমনা অঞ্চলের উপকমিশনার মারুফ হোসেন সরদার বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ প্রস্তুত রয়েছে।”
গত ৫ ফেব্রুয়ারি আব্দুল কাদের মোল্লার রায়কে কেন্দ্র করে আদালত এলাকায় নিরাপত্তা (ফাইল ছবি)
সকাল থেকেই এ এলাকায় যারা চলাচল করছে, তাদের কাছে পরিচয়পত্র দেখতে চাইছে পুলিশ।
সন্দেহজনক কাউকে আদালত এলাকায় ঢুকতে দেয়া হবে না, বলেন উপকমিশনার।
সুপ্রিম কোর্টের প্রবেশ পথেই রয়েছেন র্যাব সদস্যরা।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক এ টি এম হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র্যাব কাজ করে যাচ্ছে।”
বাড়তি নিরাপত্তার কারণে সকাল থেকে সুপ্রিম কোর্ট সংলগ্ন সড়কে যান চলাচল রয়েছে কম।
রায়ের খবর জানতে গণমাধ্যমকর্মীরা আদালত প্রাঙ্গণে ভিড় জমিয়েছে।
