বানিয়াচংয়ে শিশু খুন
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ১০ বছরের একটি শিশুকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সোমবার দুপুরের দিকে উপজেলার ইকরাম গ্রাম থেকে লিটন মিয়ার (১০) ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
পালিয়ে যাওয়ার চেষ্টাকালে শিশুটির খালাতো ভাই শামসু মিয়াকে ধরে মারধরের পর পুলিশে দেয় গ্রামবাসী।
সুজাতপুর পুলিশ ফাঁড়ির এসআই রতন লাল দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শামসু ওই শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছে। তবে খুনের কারণ হিসেবে সে এলোমেলো উত্তর দিচ্ছে।”
হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে শামসুকে আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় পুলিশ।
নিহত লিটন হবিগঞ্জ সদর উপজেলার হুরগাঁও গ্রামের জালাল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করতো।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ আরো জানায়, রোববার সন্ধ্যা রাতে শামসু বেড়ানোর কথা বলে লিটনকে নিয়ে গ্রামে বের হয়।
পরদিন সকালে ইকরাম গ্রামের কাশেম মেম্বারের বাড়ির কাছে তার ক্ষতবিক্ষত লাশ দেখে পুলিশে খবর দেয় গ্রামবাসী।
