সিপিবি-বাসদের সভায় হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ
সিলেটে সিপিবি-বাসদের জনসভায় ছাত্রলীগের হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ-সমাবেশ হয়েছে।
সোমবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এই সমাবেশ করে।
সমাবেশ থেকে সিলেটে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবি করা হয়।
সিপিবি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মৃণাল চৌধুরীর সভাপতিত্বে সমাবেশ হয়। এরপর একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
হামলাকারীদের শুধু ছাত্রলীগ থেকে বহিষ্কার নয়, তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
সমাবেশ থেকে আগামী ২১ সেপ্টেম্বর শহীদ মিনারে আবার বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়া হয়।
রোববার সিলেট নগরীর কোর্ট পয়েন্টে সিপিবির জনসভায় ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ অন্তত ছয় জন আহত হন।
