২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেপ্তার দাবি

সিলেটে সিপিবি-বাসদের সমাবেশে হামলায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও সমমনা দলগুলোর জোট ১১ দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2013, 06:11 PM

Updated : 25 Apr 2022, 07:15 PM

সোমবার ওয়ার্কার্স পার্টির এক বিবৃতিতে বলা হয়, এই হামলা ছাত্রলীগের ধারাবাহিক উচ্ছৃঙ্খল আচরণের বহিঃপ্রকাশ।

এতে বলা হয়, দলের সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক এই হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

“হামলার সঙ্গে জড়িত ছাত্রলীগের সব দুষ্কৃতকারীর বিরুদ্ধে মামলা দয়ের করাই যথেষ্ট নয়, তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে,” বলা হয় বিবৃতিতে।

আর ১১ দলের সমন্বয়ক আনিসুর রহমান মল্লিকের পাঠানো এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে বলা হয়েছে, এই হামলার সঙ্গে জড়িতদের শুধু সংগঠন থেকে বহিষ্কার নয়, অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

রোববার সিলেট নগরীর কোর্ট পয়েন্টে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জনসভায়  ছাত্রলীগের একদল নেতাকর্মী হামলা করে। এতে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ অন্তত ছয় জন আহত হন।

ঘটনার পর রাতেই ছাত্রলীগের সিলেট জেলা কমিটি বিলুপ্ত করা হয়। এ ঘটনায় ছাত্রলীগের ৬৮ নেতাকর্মীকে আসামি করে একটি মামলাও হয়েছে।