বিপিসির ৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
পরস্পরের যোগসাজসে অবৈধ অর্থ অর্জনের অভিযোগে বিপিসির ছয় কর্মকর্তার বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুদক।
সোমবার বিকালে চট্টগ্রামের বন্দর থানায় মামলাগুলো করেন দুর্নীতি দমন কমিশন (দুদক), সম্বন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর উপ-সহকারী পরিচালক আলী আকবর খান।
মামলার আসামিরা হলেন- বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ডিজিএম(অর্থ) মনিলাল সাহা, ডেপুটি ম্যানেজার (হিসাব) জাহাঙ্গীর হোসেন, ইউডিএ (অর্থ) নূরুল ইসলাম, জিএম (হিসাব) গিয়াস উদ্দিন আনসারী, ডিজিএম (হিসাব) শহীদুর রহমান ও ডেপুটি ম্যানেজার জাকির হোসেন।
বন্দর থানার ওসি জাহেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযুক্তরা ২০০৯ থেকে ২০১২ সালের অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে বিদেশ থেকে ক্রুড ওয়েল ও রিফাইন ওয়েল আমদানির ক্ষেত্রে পরস্পরের যোগসাজসে প্রায় ৪৭৫ কোটি টাকা আত্মসাত করেন।”
মামলার প্রথমটিতে ২৩ কোটি ৩ লাখ ৬৩ হাজার ৭১ টাকা, দ্বিতীয়টিতে ৯৮ কোটি ৫৭ লাখ ৬৪ হাজার ২২৫ টাকা এবং অপরটিতে ৩৫৩ কোটি টাকাসহ মোট ৪৭৪ কোটি ৯৯ লাখ ৮২ হাজার ৬৬৮ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
