দস্যুদের হামলায় ২০ জেলে আহত, নিখোঁজ ৫
পটুয়াখালীর কুয়াকাটায় সাগরে জলদস্যুদের হামলায় চার জেলে গুলিবিদ্ধসহ ২০ আহত হয়েছেন। ঘটনার পর পাঁচ জেলে খোঁজ মিলছে না।
মহীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই জসিম উদ্দিন জানান, রোববার সকালের দিকে কুয়াকাটা থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ১ নম্বর বয়া পয়েন্টে সশস্ত্র দস্যু জেলেদের ওপর হামলা চালায়।
পরে দস্যুদের হামলায় আহত জেলেরা বিকালে মহীপুর বন্দরে ফিরে আসে।
আহতদের মধ্যে আব্দুল মালেক, সেলিম মাঝি, বিল্লাল, নুর ইসলাম, ইউসুফ মাঝিকে মহীপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ মিছির আলী (৫২), আব্দুর রব হাওলাদারকে (৪৪) বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা. এম এ মতিন জানান, নোয়াখালী জেলার লাল মিয়ার ছেলে মো. লিটন (২৫) গুলিবিদ্ধ অবস্থায় ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থা শঙ্কামুক্ত।
হামলার শিকার এফবি শাহ আমানত ট্রলারের জেলে তাজুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের জানান, দস্যুরা তাদের পাঁচজনকে নিয়ে গেছে। অপহৃতদের মধ্যে ইউসুফ মাঝি, ফারুক মিস্ত্রী ও খায়ের মাঝির নাম জানা গেছে। তাদের বাড়ি চরফ্যাশন উপজেলার নুরাবাদ গ্রামে।
তিনি জানান, সকালে সাগরে জাল ফেলে বিশ্রাম নেয়ার সময় তিনটি ট্রলারে ৩০/৩৫ জনের একদল সশস্ত্র দস্যু তাদের ওপর হামলা চালায়।
এ সময় ডাকাতরা ১০ জেলেকে পিটিয়ে সাগরে ফেলে দেয়। প্রায় এক ঘণ্টা সাগরে ভাসার পর অন্য জেলেরা তাদের উদ্ধার করে মহীপুর বন্দরে নিয়ে আসে।
মুক্তিপণের দাবিতে ডাকাত সদস্যরা পাঁচ জেলেকে নিয়ে গেছে বলেও জানান তাজুল।
তবে ঘটনার বিষয়ে কোস্টগার্ডের বরগুনার তালতলি উপজেলার নিদ্রা সখিনা ক্যাম্প ও কুয়াকাটা নিজামপুর ক্যাম্পে যোগাযোগ করা হলে তারা কোনো তথ্য দিতে পারেননি।
নিদ্রা সখিনা ক্যাম্পের প্যাটি অফিসার মো. শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাটি আমি এই মাত্র আপনার কাছে শুনলাম।”
