নিজামীদের সরকারি প্লট বাতিলের উদ্যোগ
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী এবং সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদকে বিএনপি আমলে দেয়া প্লট বাতিলের আবেদন জানানো হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম।
পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের চিহ্নিত রাজাকার, আলবদর ও আল-শামস বাহিনীর প্রধানদের দ্রুত বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
জাতীয় সংসদের রোববারের অধিবেশনে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
মোয়াজ্জেম হোসেন রতনের প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, “বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করে অনেক যুদ্ধাপরাধীর রায় প্রায় চূড়ান্ত পর্যায়ে এবং অন্যদের বিচার কাজ এগিয়ে চলছে। জেলা ও উপজেলা পর্যায়েও চিহ্নিত রাজাকার, আলবদর ও আল-শামস বাহিনী প্রধানদের দ্রুত বিচার আইনের আওতায় এনে বিচার কাজ শুরু করা হবে।”
সম্পূরক প্রশ্নে মোয়াজ্জেম হোসেন রতন মন্ত্রীর কাছে জানতে চান- চিহ্নিত যুদ্ধাপরাধীদের ছবিসহ তালিকা প্রকাশ করা হবে কিনা? মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী জানান, এই ধরনের তালিকা তৈরির পরিকল্পনা সরকারের এই মুহূর্তে নেই।
কামাল আহমেদ মজুমদারের প্রশ্নের জবাবে এ বি তাজুল ইসলাম বলেন, “মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিএনপি নিজামী-মুজাহিদকে প্লট দিয়েছিলো। তা বাতিলের আবেদন জানানো হবে।”
তাজুল ইসলাম জানান, চিহ্নিত যুদ্ধাপরাধীদের মধ্যে যারা সরকারি জমি পেয়েছে তা বাতিলের জন্য গৃহায়ন ও পূর্ত মন্ত্রণালয়কে তালিকা দেয়া হবে।
আরেক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, বর্তমান তালিকা অনুযায়ী প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা এক লাখ ৭১ হাজার টাকা।
সালমা ইসলামের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের ভাতা দুই হাজার থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকায় উন্নীত করার জন্য প্রধানমন্ত্রী সম্মতি জানিয়েছেন। অর্থ পাওয়া সাপেক্ষে এই ভাতা দেয়া হবে।
ফরিদুন্নাহার লাইলী ও নিলোফার চৌধুরীর প্রশ্নের জবাবে বন ও পরিবেশমন্ত্রী বলেন, দীর্ঘদিন থেকে ঢাকার হাজারীবাগের ট্যানারি শিল্পের বর্জ্য সেখানকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত করে যাচ্ছে। সরকার হাজারীবাগ, লালবাগ ও সূত্রাপুরের ট্যানারিগুলো সাভারের হরিণধরা চামড়াশিল্প নগরীতে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে।
এ লক্ষে কেন্দ্রীয়ভাবে বর্জ্য শোধনাগার ও ডাম্পিং ইয়ার্ড স্থাপনের জন্য চীনা প্রতিষ্ঠান জেএলইপিসিএল-ডিসিএল-জেভিকে কার্যাদেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের প্রশ্নের জবাবে বিমানমসন্ত্রী ফারুক খান বলেন, বিমানের মাসকাট, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, কুয়েত ও কুয়ালালামপুর রুট লাভজনক। তবে লন্ডন, রোম, দোহা, দুবাই, ব্যাংক, দিল্লি, কলকাতা, হংকং, কাঠমান্ডু, সিঙ্গাপুর ও করাচি রুট অলাভজনক।
