২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক মানের পোশাক শ্রমিকদের মজুরির দাবি

দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের পোশাক কর্মীদের মজুরির সঙ্গে মিল রেখে বাংলাদেশে মজুরি ঠিক করার দাবি জানিয়েছে শ্রমিকদের দুটি সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2013, 10:39 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে রেডিমেইড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন ও গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগ নামে দুটি সংগঠনের নেতারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে রেডিমেইড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি লাভলী ইয়াসমিন বলেন, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের গার্মেন্টস শ্রমিকদের তুলনায় বাংলাদেশি শ্রমিকদের মজুরি অত্যন্ত কম।

তিনি বলেন, ভারতে শ্রমিকরা ১০৬ ডলার, নেপালে ৮৩.২ ডলার, পাকিস্তানে ১১৫.২ ডলার, ভিয়েতনামে ১১০.২৪ ডলার ও কম্বোডিয়ায় ৮০ ডলার পায়।

অন্যদিকে বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকরা পায় মাত্র ৩৭ ডলার।

গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি লিমা ফেরদৌস বলেন, “পোশাক কারখানা শ্রমিকরা যেন ন্যূনতম মজুরি পায় সেজন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। পোশাককর্মীদের বেতন যারা ঠিক করেন তাদের এ দাবি বিবেচনায় নিয়ে মেনে নেয়ার আহ্বান জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেডিমেইড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য নাসরিন চৌধুরী, গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন দুলাল, কেন্দ্রীয় নেতা মো. সাহাবউদ্দিন প্রমুখ।