২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় যুবককে পিটিয়ে হত্যা

নওগাঁর মান্দা উপজেলায় এক যুবককে পিটিয়ে হত্যার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2013, 09:44 PM

Updated : 25 Apr 2022, 07:15 PM

রোববার সকালে উপজেলার পরানপুর ইউনিয়নের কালাসিতা গ্রামের একটি গাছ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মামুনুর রশিদ মোল্লা ওরফে মামুন (২৯) ওই গ্রামের আরমান মোল্লার ছেলে।

এ ঘটনায় মামুনের বন্ধু আহত মোশারফ হোসেন (২৮) নামে আরেক যুবককে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ৯ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিহতের ভাই এমরান মোল্লা বলেন, পূর্ব শত্রুতার জের ধরে মামুনকে পিটিয়ে হত্যা করেছে গ্রামের তমিজ উদ্দিন ও তার লোকেরা।

“ঘটনার সময় পুলিশকে খবর দেয়া হয়েছিল। যদি সময়মতো পুলিশ আসতো তাহলে হয়তো মামুনকে বাঁচানো যেত।”

এমরান বলেন, একটি পক্ষ পরকীয়ার জেরে তমিজ উদ্দিন মামুনকে হত্যা করেছে বলে প্রচার করছে। আসলে মামুনকে পূর্ব শত্রুতার জেরে হত্যা করা হয়েছে।

মান্দা সদর ইউনিয়নের সদস্য আকতারুজ্জামান বুলবুল বলেন, মামুনের পরিবারের সদস্যদের আবেদনে বিষয়টি দেখার জন্য শনিবার রাত সাড়ে ৩টার দিকে মান্দা থানার ওসি আব্দুল্লাহ হেল বাকিকে মোবাইল ফোনে বিষয়টি জানানো হয়।

তবে পরানপুর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন জানান, তিনি ঘটনাটি সকালে শুনে ওসিকে জানিয়েছেন।

মান্দা থানার ওসি আব্দুল্লাহেল বাকি বলেন, ঘটনাটি রাতে তাকে গুরুত্বের সঙ্গে জানানো হয়নি।

“একটি মেয়েলী ঘটনা নিয়ে ঝামেলা হয়েছিল। সেটি মীমাংসা হয়ে গেছে বলে স্থানীয় ইউপি মেম্বাররা জানিয়েছেন।”

তবে সকালে লাশ উদ্ধারের পর এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।