হামলার প্রতিবাদে সিপিবির বিক্ষোভ
সিলেটে সিপিবি-বাসদের সমাবেশে হামলার প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে সিলেটে সমাবেশ চলাকালে এ হামলা চালায় ১৫-২০ জন সশস্ত্র ‘ছাত্রলীগকর্মী’। এ ঘটনার প্রতিবাদে দুই দলের পক্ষ থেকে সোমবার সিলেটে আধাবেলা হরতালের ডাক দেয়া হয়েছে।
এ ঘটনার পর পরই সিপিবি ও বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদের জেলার সমন্বয়ক নিখিল দাস, শহর সিপিবি সভাপতি শিবনাথ চক্রবর্তী, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট সভাপতি প্রদীপ ঘোষ বাবু প্রমুখ।
ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরে জেলা সিপিবির উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
সন্ধ্যা সোয়া সাতটার দিকে শহরের জনতা ব্যাংকের মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে ফের জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য রফিকুজ্জামান লায়েক।
মধুখালী উপজেলায়ও সমাবেশ ও মিছিল হয়েছে। সেখানে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা সিপিবির সভাপতি মানিক মজুমদার।
হামলা প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাজিরের পুলে গিয়ে শেষ হয়।
এছাড়া ময়মনসিংহে সমাবেশ করেছে সিপিবি।
সন্ধ্যায় মালগুদামের জেলা সিপিবি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পদক এমদাদুল হক মিল্লাত, সহ সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার প্রমুখ।
