রাজধানীতে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড
রাজধানীর মাদারটেকের নন্দিপাড়া সিসিলি গার্মেন্টসে অগ্নিকাণ্ড ঘটেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা নিলুফার ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার বেলা সাড়ে ১২টার দিকে ওই কারখানায় আগুন লাগে।
অগ্নি নির্বাপক বাহিনীর ১১টি ইউনিট আড়াই ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে বিকাল সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার পর ছয় তলার কারখানাটির পাঁচ তলা থেকে বেলাল নামের এক কর্মী আতঙ্কিত হয়ে কারখানা সংলগ্ন ঝিলে ঝাপিয়ে পড়ে সামান্য আঘাত পেয়েছেন।
তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে আগুন নেভানোর কাজে নিয়োজিত খিঁলগাও ফায়ার স্টেশনের কর্মকর্তা নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, ছয় তলার একটি কক্ষে আগুন লাগার পর পুরো ফ্লোরের জিনিসপত্র পুড়ে যায়।
“তবে কারখানার দক্ষিণ পশ্চিম দিকে সিঁড়ি থাকায় বিভিন্ন তলার কর্মীরা নিরাপদে নিচে নেমে আসতে পেরেছেন।”
ফায়ার ব্রিগেডের কর্মকর্তারা বলছেন, ওই ভবনে বিদ্যুতের লাইন থেকে আগুন লাগেনি। সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।
তবে তদন্তের আগে নিশ্চিত করে কিছু বলা যাবে না বলে নজরুল ইসলাম জানান।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তিনি জানাতে পারেননি।
