২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কঠিন সময়ে রাষ্ট্রপতি হয়েছি’

জাতীয় সংসদ নির্বাচনের আগে এক কঠিন সময়ে, দেশের এক ক্রান্তিলাগ্নে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বলে মনে করছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2013, 08:38 PM

Updated : 25 Apr 2022, 07:15 PM

এ পরিস্থিতিতে সঠিকভাবে দায়িত্বপালনের জন্য দেশবাসীর দোয়া ও সহযোগিতা চেয়েছেন তিনি।

দুই দিনের সফরে শনিবার নিজ জেলা কিশোরগঞ্জ পৌঁছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ভাটি অঞ্চলে এটি তার প্রথম সফর।

বিকাল ৩টায় হেলিকপ্টারে করে শহরের সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে নামেন রাষ্ট্রপতি। এরপর সার্কিট হাউসে তাকে গার্ড অব অনার দেয়া হয়।

পরে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে আয়োজিত এক নাগরিক সংবর্ধনায়ও যোগ দেন তিনি।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, “সামনে সংসদ নির্বাচন। দেশের এক ক্রান্তি লগ্নে, কঠিন সময়ে আমি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছি। এ সময়ে আমি যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি সেজন্য দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করি।”

তিনি আরো বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো দুর্নীতি ও সন্ত্রাসকে প্রশ্রয় দিইনি। সব দল-মতের সঙ্গে সহাবস্থানের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা করেছি।

কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাজহারুল ইসলাম ভুইয়াঁর সভাপতিত্বে সংবর্ধনা সভায় আরো বক্তব্য রাখেন সাংসদ মুজিবুল হক চুন্নু, আফজাল হোসেন, রেজোয়ান আহাম্মদ তৌফিক ও আতিকুর রহমান আতিক।

এ ছাড়া জেলা পরিষদের প্রশাসক জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ ওয়াহিদুল ইসলামসহ মহাজোটের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।