গোপালগঞ্জে বাসচাপায় মাদ্রাসাছাত্র নিহত
গোপালগঞ্জে বাসচাপায় নূরনবী (৭) নামে এক মাদ্রাসাছাত্র মারা গেছেন।
শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর উত্তেজিত জনতা প্রায় দুই ঘণ্টা এ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে পুলিশ এসে তাদের শান্ত করে সড়ক থেকে সরিয়ে নেয়।
নিহত নূরনবী সদর উপজেলার চরপাথালিয়া গ্রামের পান্নু বিশ্বাস ওরফে ছান্নুর ছেলে এবং চারপাথালিয়া মাদ্রাসার ছাত্র।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান জানান, নূরনবী মায়ের সঙ্গে চরপাথালিয়া মাদ্রাসায় প্রাইভেট পড়তে যাচ্ছিল। মা রাস্তা পার হলেও নূরনবী রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল।
খুলনা থেকে ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের একটি বাস অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নূরনবীকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
এরপর বিক্ষুব্ধরা পাথালিয়ায় গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় তারা একটি ইজিবাইক ভাংচুর করে বলে জানান এসআই।
পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে বিক্ষুব্ধরা সাড়ে ৫ টায় সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়।
