২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না.গঞ্জে অস্ত্রসহ ‘ছিনতাই চক্রের সদস্য’ গ্রেপ্তার

নারায়ণগঞ্জে অস্ত্রসহ ‘ছিনতাই চক্রের’ এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2013, 05:37 PM

Updated : 25 Apr 2022, 07:15 PM

শুক্রবার রাতে সোনারগাঁও উপজেলার আশারিয়ার চর এলাকা থেকে রুবেল বাকাউলকে গ্রেপ্তার করা হয়।

এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও উদ্ধার করা হয়।

রুবেল চাঁদপুরের হাজীগঞ্জ থানার মেনাপুর এলাকার বাচ্চু বাকাউলের ছেলে। তিনি সোনারগাঁয়ের রায়েরবাগ মেরাজনগর মসজিদের পাশে একটি বাড়িতে থাকেন।

শনিবার দুপুরে রুলেকে নিয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ।

পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ দিন ধরে  পণ্যবাহী গাড়িতে ছিনতাই করে আসছে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র।

“গাড়ির চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুটে নেয় তারা। অনেক সময় ছিনতাইকারী চক্রের গুলিতে প্রাণহানীর ঘটনাও ঘটে। রুবেল সেই চক্রের গাড়িচালক।”

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাজ্জাদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (তদন্ত) এস এম আশরাফুজ্জামান উপস্থিত ছিলেন।

তারা জানান, চক্রের অন্যদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।