যমুনায় বিলীন চৌহালী উপজেলা কমপ্লেক্স
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদের সকল স্থাপনা যমুনায় বিলীন হয়ে গেছে।
শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত উপজেলা সদরের নির্বাহী অফিসারের কার্যালয়, মিলনায়তনসহ সকল স্থাপনা নদীতে বিলীন হয়ে যায়।
শুধু উপজেলা সদর নয় গত কয়েক বছরে ভাঙ্গনের কবলে পড়ে পাশ্ববর্তী খাসধলাই, মিস্ত্রিগাঁতী, খাসকাউলিয়া, জোতপাড়া গ্রামের প্রায় ৫ হাজার বসতবাড়ি ও জায়গা-জমি নদীতে বিলীন হয়েছে।
উপজেলা পরিষদের প্রকৌশলী নাসির আহমদে জানান, গত ১ সপ্তাহ ধরে যমুনার পানি বৃদ্ধি ও কমার পাশাপাশি যমুনা নদীতে প্রবল ঘূর্ণাবর্তের ফলে ভাঙ্গন দেখা দেয়। এ অবস্থায় নদীর পানি সরাসরি উপজেলা সদরের স্থাপনাগুলোতে আঘাত করতে থাকে।
তিনি বলেন, শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত উপজেলা সদরের নির্বাহী অফিসারের কার্যালয়, মিলনায়তনসহ সকল স্থাপনা নদীতে বিলীন হয়।
প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত উপজেলা পরিষদে অন্তত ১২টি সরকারি দপ্তরের কাজ চলতো।
এর আগে উপজেলা চেয়ারম্যান, এলজিইডি, কৃষি, প্রাথমিক, মাধ্যমিক, মৎস্য, পরিসংখ্যান, যুব উন্নয়ন অফিস নদীতে বিলীন হয়ে গেছে।
বর্তমানে সরকারি কার্যালয়গুলো সকল কার্যক্রম পাশ্ববর্তী স্থানে অস্থায়ীভাবে পরিচালিত হয়ে আসছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ২৪ সেন্টিমিটার কমে বিপদসীমার ২৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার বন্যা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে।
