হাতিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
নোয়াখালীর হাতিয়া উপজেলায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হয়েছে এক কৃষকের।
শনিবার সকালে উপজেলার সোনাদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাতিয়া থানার ওসি খোরশেদ আলম।
নিহতের নাম মনির উদ্দিন (৩৫)। তিনি সোনাদিয়া গ্রামের কৃষক মহিউদ্দিনের ছোট ছেলে।
গুরুতর আহত হয়েছেন মহিউদ্দিনের বড় ছেলে শরীফ (৩৭)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি খোরশেদ আলম জানান, সকালে বাড়ির পাশে জমিতে কাজ করছিলেন দুই ভাই মনির ও শরিফ।
নয়টার দিকে বজ্রপাতে ঘটনাস্থলেই মনির মারা যান।
শরিফকে হাতিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
