নতুন প্রজন্ম আসা দরকার: ব্যারিস্টার রফিক-উল
সংবিধান সংশোধন করে দুই মেয়াদের বেশি একজনের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ বন্ধ করা প্রয়োজন বলে মনে করেন প্রবীন আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক।
তার মতে, এতে নতুন প্রজন্ম সুযোগ পাবে। রাজনীতিতে পরিবর্তন আসবে।
শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর জামালখান এলাকার সিনিয়র’স ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রোটারি ক্লাব অফ চিটাগাং ইস্ট ওই অনুষ্ঠানের আয়োজন করে।
রফিক-উল হক বলেন, “দুই নেত্রী ইগো নিয়ে আছেন। আমি টেলিভিশনে বলেছি, ঝগড়া না করে দুই দল থেকে পাঁচ জন পাঁচ জন দিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করুন। কেউ বলছেন, এরা নির্বাচিত হতে হবে। এটা ভাল।
“এখন অর্ন্তবর্তী সরকারের প্রধান কে হবেন? এটা মিলিয়ন ডলার কোয়েশ্চেন। যদি আপনারা মনে করেন মি. এক্সকে প্রধান করবেন। তবে তাকে নির্বাচিত করে আনা যাবে।”
সংসদের মেয়াদ উত্তীর্ণের পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসেবে আগামী ২৪ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন হওয়ার কথা।
ক্ষমতাসীন আওয়ামী লীগ সংবিধানের বর্তমান ধারা অনুসরণ করে নির্বাচনের কথা বললেও প্রধান বিরোধী দল বিএনপির এতে আপত্তি রয়েছে।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফিরিয়ে আনার দাবি জানিয়ে তারা বলছে, দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না তারা।
এই সাবেক অ্যার্টনি জেনারেল বলেন, “আমি বলি-দেশের মানুষকে শান্তি দেন। যে ইগো নিয়ে তারা আছেন তাতে মনে হয় না দুই জন মিলবেন। দুই জন না মিললে দেশ ধ্বংস হয়ে যাবে।”
১/১১ এর মতো পরিস্থিতি সৃষ্টি হওয়ার শঙ্কার বিষয়ে ব্যারিস্টার রফিক বলেন, “এখন জুজুর ভয় দেখানো হয় যে, উত্তর দিক থেকে আসছে। পঞ্চদশ সংশোধনীতে আছে যদি কেউ অ্যাডভেঞ্চারের চেষ্টা করে তবে সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। কাজেই এখন মঈনউদ্দিন- ফরুদ্দিনের মত কেউ উত্তরপাড়া থেকে আসবে বলে মনে হয় না।”
দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না এমন বিধান রেখে সংবিধান সংশোধনের প্রস্তাব করে এই সংবিধান বিশেষজ্ঞ বলেন, “দুই নেত্রীর ঝগড়া দেখে মনে হয় সংবিধানে পরিবর্তন দরকার। রাষ্ট্রপতি যেমন দুই মেয়াদের বেশি থাকতে পারেন না, তেমন প্রধানমন্ত্রীও পারবেন না। তাহলে এই আক্রোশ কমে যাবে। নতুন প্রজন্ম আসা দরকার।”
রাজধানীতে প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়ের মতবিনিময় অনুষ্ঠানের উল্লেখ করে ব্যারিস্টার রফিক বলেন, “টেলিভিশনে দেখলাম জয় বক্তব্য দিচ্ছেন। এটা খুব ভাল। বিএনপির তারেক রহমান আছে। নতুন প্রজন্ম আসলে পরিবর্তন হবে।”
রোটারি ক্লাব অফ চিটাগাং ইস্টের নব নির্বাচিত সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অনদের মধ্যে বক্তব্য দেন শিল্পপতি মিজানুর রহমান ও সংগঠনের বিদায়ী সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।
