মিরসরাইয়ে লরি চাপায় নিহত ২
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একটি রডবাহী লরির চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন।
বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে।
নিহত বিষ্ণু চন্দ্র নাথ মায়ানি ইউনিয়নের মসজিদিয়া গ্রামের উপন্দ্রে কুমার নাথের ছেলে।
অন্য জনের পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে তার বয়স অনুমানিক ২৫ বছর বলে জানান জোরারগঞ্জ থানার চৌধুরীহাট পুলিশ ফাঁড়ির এএসআই আবুল কাশেম।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, বিএসআরএম রড কোম্পানির একটি লরি মহাসড়কের কমলদহ এলাকায় একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। আহতদের স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ লরিটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে।
