ভোলায় ৩ পুলিশ প্রত্যাহার
ছাত্রলীগ নেতার সঙ্গে অশোভন আচরণের অভিযোগে বুধবার ভোলার চরফ্যাশন থানার তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
এরা হলেন এসআই রেজাউল করিম, এএসআই মাহামুদুল হাসন ও কনস্টেবল মো. কবির।
ভোলার পুলিশ সুপার (এসপি) মনিরুজ্জামান বলেন, ছাত্রলীগ নেতার সঙ্গে অশোভন আচরণ এবং দায়িত্বে অবহেলার কারণে তাদের থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হযেছে।
স্থানীয়রা জানান, বুধবার চরফ্যাশন উপজেলার থানা রোডে একটি ট্রাককে সাইট দিতে গিয়ে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আক্তার হোসেনের মোটরসাইকেল এএসআই মামুনের গায়ের লাগে।
খবর পেয়ে চরফ্যাশন থানার এসআই রেজাউল করিম, এএসআই মাহামুদুল হাসন ও কনস্টেবল মো. কবির ঘটনাস্থলে গিয়ে আক্তার হোসেন ও তার সহযাত্রীকে থানায় এনে লাঞ্ছিত করেন।
এ খবর ছড়িয়ে পড়লে রাতে ছাত্রলীগকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন এবং থানায় ইটপাটকেল নিক্ষেপ করেন।
