জয়পুরহাট সীমান্তে ভারতীয়সহ ১৯ কিশোর আটক
ভারত থেকে পালিয়ে আসা ১৯ কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে আটক এ ১৯ জনের মধ্যে একজন ভারতীয়ও আছে। এদের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে বলে বিজিবি জানিয়েছে।
জয়পুরহাট-৩ বিজিবি উপ-অধিনায়ক মেজর ফিরোজ আহম্মেদ জানান, বিভিন্ন সময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে দালাল বা পাচারচক্রের মাধ্যমে বাংরাদেশি কিশোররা ভারতে পাচার হয়ে থাকতে পারে।
আটকদের বরাত দিয়ে তিনি বলেন, তাদের আটক হওয়ার পর তাদের সেখানকার শিশু-কিশোর সংশোধনাগারে পাঠায় প্রশাসন। সেখানে ভারতীয় এক শিশুর সঙ্গে তাদের পরিচয় হয়, যে তাদের সঙ্গে আটক হয়েছে।
তারা বিজিবিকে জানায়, এক পর্যায়ে ওই ১৯ কিশোর কৌশলে ভারতীয় সংশোধনাগার থেকে পালিয়ে হাটখোলা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল।
পাঁচবিবি থানার ওসি নূর হোসেন জানান, বিজিবির টহল দল তাদের আটক করে নিরাপত্তা হেফাজতের জন্য পাঁচবিবি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
আটকদের পরিচয়সহ সার্বিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
