ফরমালিন নিয়ন্ত্রণ আইন প্রণয়নে রুল
সংসদের আগামী অধিবেশনে ফরমালিন নিয়ন্ত্রণে আইন প্রণয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।
এক রিট আবেদনের প্রেক্ষিতে বুধবার বিচারপতি সামলা মাসুদ চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের অবকাশকালীন বেঞ্চ এই রুল জারি করে।
পাশাপাশি মাছ ও মিষ্টিতে ফরমালিন, মেলামাইন, কার্বাইড, পোড়া মবিল, বিষাক্ত কেমিকেল, সালফার অক্সাইড, বিষাক্ত রঙের ব্যবহার প্রতিরোধে দোকান পর্যবেক্ষণে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণে কেন নির্দেশ দেয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়।
চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ, বাণিজ্য সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পরিবেশ সচিব, বাংলাদেশ স্টান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউটের মহাপরিচালক, স্বাস্থ্য সেবা অধিদপ্তরের মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মেট্টোপলিটন পুলিশের কমিশনারকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ গত ৮ সেপ্টেম্বর রিট আবেদনটি দায়ের করেন। আদালতে রিটকারী নিজেই শুনানি করেন।
