সাভারে ৮ বাড়িতে ডাকাতি
সাভারে একরাতে আটটি বাড়িতে ডাকাতি হয়েছে।
মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার ভোর পর্যন্ত ডাকাতরা এ তাণ্ডব চালায়।
এলাকাবাসী ও ভূক্তভোগীদের ধারণা, একদল ডাকাত পৃথকভাগে ভাগ হয়ে বাড়িগুলোতে হামলা চালিয়ে নগদ অর্থসহ প্রায় অর্ধ কোটি টাকার মালামাল লুট করেছে।
ডাকাতরা সাভার বাজার রোড বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিক ইলেকট্রনিক্সের মালিক গোলাম মোস্তফার সোবাহানবাগের বাড়ি, পৌর এলাকার জামসিং মহল্লার সাইফুল ইসলাম, মোফাজ্জল হোসেন, মোবারক হোসেন, জামাল হোসেন, আব্দুর রহমান, জাকির হোসেন ও রানা প্লাজা ধসে নিহত নুরুল ইসলামের বাড়িতে ডাকাতি করে।
ভোর বেলা জামসিং এলাকায় মসজিদে মাইকিং করে ডাকাতির ঘটনা জানিয়ে সবাইকে সতর্ক করে এলাকাবাসী।
সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকটি বাড়িতে ডাকাতির কথা শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।
ভূক্তভোগীদের অভিযোগ, প্রায় প্রতিরাতেই কোন না কোন বাড়িতে ডাকাতি, চুরিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে। রাতে এলাকায় টহল পুলিশ থাকার কথা থাকলেও তা চোখে পড়ে না।
এ সব ঘটনায় প্রকৃত অপরাধীদের পুলিশ ধরছে না বলেও তাদের অভিযোগ।
মাইকিং না হলে আরও অনেকের বাড়িতে ডাকাতি হওয়ার আশঙ্কা ছিল বলেও তাদের দাবি।
সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল ডাকাতির বিষয়টি উড়িয়ে দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এগুলো সব চুরির ঘটনা।
রাতে এলাকায় টহল পুলিশ ছিল বলেও তিনি দাবি করেন।
ইউনিক ইলেকট্রনিক্সের মালিক গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে মুখোশ পরা ৮/১০ জন ডাকাত তার বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে। পরে আলমারী ভেঙ্গে ৪০ ভরি স্বর্ণের গহনা, ৫টি মোবাইল ফোন সেট, নগদ আড়াই লাখ টাকা ও মূল্যবান মালামালসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে।
তিনি আরও বলেন, ডাকাতরা প্রায় দুই ঘণ্টা ঘরের ভিতরে তাণ্ডব চালিয়ে ভোর সাড়ে ৪টার দিকে চলে যায়।
একই রাতে জামসিং মহল্লার সাইফুল ইসলামের বাড়ির কলাপসিবল গেট ভেঙ্গে সশস্ত্র ডাকাতরা বাড়িতে ঢুকে নগদ ৮০ হাজার টাকা, ১৪ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় আট লাখ টাকার মালামাল লুট করে।
সাইফুলের প্রতিবেশী মোফাজ্জলের বাড়ি থেকেও ডাকাতরা নগদ ২০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নেয়।
একই এলাকার মোবারক, জামাল, রহমান, জাকিরন ও প্রয়াত নুরুল ইসলামের বাড়িতেও লুটতরাজ চালায় ডাকাতরা। এসব বাড়ি থেকে নগদ অর্থসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে তারা।
এর আগে গত বুধবার রাতেও সাভার থানার পাশে ‘শ্রীদাম কুটির’ বাড়ির দ্বিতীয়তলায় দীপক কুমার দাস ও তার ভাই প্রদীপ কুমার দাসের ঘরে হানা দিয়ে ৫শ’ ভরি স্বর্ণের গহনা ও নগদ ৮ লাখ টাকাসহ ২ কোটি ৩৮ লাখ টাকার মালামাল লুট করে ডাকাতরা।
ডাকাতদের ধরতে রাতে পুলিশি অভিযান চালানো হবে বলে জানিয়েছেন এএসপি মশিউদ্দৌলা।
