ফতুল্লায় ট্রাকচাপায় শিশু নিহত, সড়ক অবরোধ
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৬টায় ফতুল্লর বিসিক শাসনগাঁও শাহী মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. জিহানুর রহমান (১০) ওই এলাকার মো. উজ্জ্বল মিয়ার ছেলে।
এই ঘটনার জেরে ক্ষুব্ধ এলাকাবাসী আধাঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জিহানুর রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে এলাকাবাসী ধাওয়া করে ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ট্রাক চালক ও সহকারীকে গ্রেপ্তারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়ক প্রায় আধাঘণ্টা অবরোধ করে রাখে। এতে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
