২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূ-প্রাকৃতিক অঞ্চলের মানচিত্র করবে এসআরডিআই

দেশের বিভিন্ন ভূ-প্রাকৃতিক অঞ্চল নিয়ে একটি একক মানচিত্র করার উদ্যোগ নিয়েছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন প্রতিষ্ঠান (এসআরডিআই)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2013, 09:23 PM

Updated : 26 Jul 2022, 03:04 PM

মঙ্গলবার এসআরডিআই এর পরিচালক খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান।  

তিনি বলেন, “দেশে এখন মোট ১১টি ভূ-প্রাকৃতিক মানচিত্র আছে যা প্রস্তুত কারকগণ নিজেদের প্রয়োজন মতো তৈরি করেছেন। মানচিত্রগুলোর পরস্পরের মধ্যে কিছুক্ষেত্রে মিল থাকলেও কোন একক মানচিত্র দেশে কেউ তৈরি করেনি।”

দেশে এবারই প্রথম একটি নির্দিষ্ট কমিটির মাধ্যমে একক মানচিত্র তৈরি করা হচ্ছে বলে তিনি দাবি করেন।  

১৯৬৯ সাল থেকে ২০১০ সাল পর‌্যন্ত ১১ টি ভূ-প্রাকৃতিক মানচিত্র তৈরি হয়েছে। এসআরডিআই, খাদ্য ও কৃষি সংস্থা, ভূমি সম্পদ মূল্যায়ন দল (এলআরএ), ভূমি জরিপ দল (জিএসবি), এফএও পরামর্শক এইচ ব্রামার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক  এস হোসেন এবং রেজাউর রহমান এই মানচিত্র গুলো তৈরি করেন।

যাদের এক একটিতে দেশের ভূ-প্রাকৃতিক অঞ্চলকে ১৫ থেকে ২৩ ভাগে ভাগ করা হয়েছে। 

খোরশেদ আলম বলেন, “পূর্বের  মানচিত্রগুলোকে  মাপকাঠি ধরে এবং বর্তমান সময়ে মাটির পরিবর্তিত গুণাগুণ বিশ্লেষণ করে একটি নতুন মানচিত্র তৈরি প্রায় সম্পন্ন।”

খুব শিগগির তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে তিনি আশা করছেন।

তিনি বলেন, “ভূ-প্রাকৃতিক মানচিত্র যেকোন দেশের জন্য একটি অতিগুরুত্বপূর্ণ বিষয়। এই মানচিত্রের মাধ্যমেই একটি দেশের কৃষি পরিবেশ অঞ্চল (এইজেট) তৈরি করা হয়।”

কৃষি কাজের সুবিধার জন্য ভূ-প্রাকুতিক মানচিত্রের উপর ভিত্তি করে কৃষি পরিবেশ অঞ্চল নামে দেশে এখন ৩০টি অঞ্চল রয়েছে।

কোন অঞ্চলে কোন ফসল ভাল হবে, কোন ফসলের জন্য কোন ধরণের সার কি পরিমান লাগবে তা কৃষি পরিবেশ অঞ্চলের মাধ্যমে নির্ধারিত হয় বলে তিনি জানান।   

এসআরডিআই পরিচালক বলেন, গুণাগুণ ও অবস্থানগত বৈশিষ্টের উপর ভিত্তি করে কৃষি পরিবেশ অঞ্চলকে বিভিন্ন ভাগে ভাগ করার মূল উপাদান হলো ভূ-প্রাকৃতিক মানচিত্র।

দেশের বিজ্ঞানী, গবেষক, অভিজ্ঞ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের পরামর্শ ও মতামত প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের মাধ্যমে আহ্বান করা হয়েছে।

এসআরডিআই প্রস্তাবিত মানচিত্রে বাংলাদেশের ভূ-প্রাকৃতিক অঞ্চলকে ১৫ টি ভাগে ভাগ করা হয়েছে।  

প্রস্তাবিত অঞ্চল গুলো হলো- ১) টিপাম হিল, ২)ডুপিটিলা-ডিহিং হিল, ৩) মধুপুর ক্লে আপল্যান্ড, ৪) হিমালয়ান পিডমন্টপ্লেন, ৫)নর্দান-ইস্টার্ন পিডমন্টপ্লেন, ৬) তিস্তা রিভার প্লাবনভূমি, ৭) র্রক্ষ্রপুত্র-যমুনা রিভার প্লাবনভূমি, ৮)সুরমা-কুশিয়ারা রিভার প্লাবনভূমি, ৯)মেঘনা রিভার ফ্লাডপ্লেন, ১০)গঙ্গা রিভার প্লাবনভূমি, ১১) পিট বেসিন, ১২) গঙ্গা টাইডাল প্লাবনভূমি, ১৩)মেঘনা এসচুরাইন প্লাবনভূমি, ১৪)চট্টগ্রাম উপকূলীয় সমভূমি এবং সেন্ট মার্টিন আইল্যান্ড।

এ বিষয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি মৃত্তিকা বিভাগের অধ্যাপক এটিএম শামসুদ্দোহা বলেন, “একটি দেশের নিজস্ব ভূ-প্রাকৃতিক মানচিত্র থাকা বাঞ্চনীয়। এতোদিন তা না থাকায় এবং বিভিন্ন জনের তৈরি ১১টি মানচিত্রের কারণে আমরা বিব্রতকর অবস্থায় ছিলাম।”

একটি একক ভূ-প্রাকৃতিক মানচিত্র হলে ছাত্র, শিক্ষক ও গবেষকদের জন্য অনেক সহজ হবে বলে তিনি মনে করেন।