২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আকমল হত্যা: মাগুরায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা

মাগুরায় আওয়ামী লীগ নেতা আকমল হোসেন হত্যার ঘটনায় বিএনপি ও যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2013, 08:43 PM

Updated : 25 Apr 2022, 07:14 PM

নিহত আকমলের ছেলে হুমায়ুন কবির বাদি হয়ে মঙ্গলবার এ মামলা করেন বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি বিপ্লব কুমার নাথ।

এতে আসামি করা হয়েছে শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোন্দকার আব্বাস উদ্দিন ও যুবদলের সভাপতি আশরাফুল আলম নালিমসহ ৩৫ নেতা-কর্মীকে।

আকমল হোসেন শ্রীপুর উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বাড়ি উপজেলার সারঙ্গদিয়া গ্রামে।

গত ১৩ অগাস্ট হামলায় আহত হওয়ার ১৯ দিনের মাথায় তিনি মারা যান।

হামলার পর আকমলের দেয়া জবানবন্দীর বরাত দিয়ে ওসি বিপ্লব কুমার বলেন, ১৩ অগাস্ট রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় কাজলী বাজার থেকে বাড়ি ফেরার পথে সারঙ্গদিয়া গ্রামের ওয়াপদা স্লুইস গেটের সামনে আগে থেকে অবস্থান নেয়া উজ্জ্বল, মারুফুল, ছারোয়ার, রুবেল, রাজু, সাহেব আলী, শাবু, সামছু বিশ্বাস ও তুহিনসহ ৮/১০ জন আকমলের হাত ও পায়ের রগ কেটে দেয়।

ওই রাতেই তাকে প্রথমে মাগুরা সদর হাসপাতাল এবং  পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।

শ্রীপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আববাস উদ্দিন বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে তার কোন সংশ্লিষ্ঠতা নেই।

“রাজনৈতিকভাবে হয়রানী করার জন্য আমাকে এ মামলায় আসামি করা হয়েছে।”