২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনা উপ নির্বাচন: হিরুর আপিল

প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে বরগুনা-২ আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সাংসদ হুমায়ুন কবির হিরু মঙ্গলবার নির্বাচন কমিশনে আপিল করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2013, 06:59 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা হেলাল উদ্দিন খান জানান, অধ্যাপক হুমায়ুন কবির হিরু মনোনয়নপত্রের ফরমে চারটি তথ্য দেননি। এজন্য তার মনোনয়নপত্র বাতিল হয়।

হিরু ১৯৮৬ সালে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে বরগুনা-১ (বরগুনা সদর ও বেতাগী) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এরপর তিনি জাতীয় পার্টির (এরশাদ) উপদেষ্টা এবং জাতীয় পার্টির (নাজিউর রহমান মঞ্জু) প্রেসিডিয়াম সদস্য ছিলেন। ২০০৭ সালে তিনি ওই দলও ছেড়ে দেন।

এর আগে  সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মো. আবদুস সোবাহানের প্রার্থিতা বাতিল করলে তিনিও গত সোমবার নির্বাচন কমিশনে আপিল করেন।

গত ২৬ জুলাই ফরিদপুরের ভাঙায় সড়ক দুর্ঘটনায় বরগুনা-২ আসনের সাংসদ গোলাম সবুর টুলু নিহত হওয়ার পর এ আসনে উপনির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন।

আগামী ৩ অক্টোবর এ উপ-নির্বাচন হবে। প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে আগামী ১৬ সেপ্টেম্বর।

এ আসনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শওকত হাচানুর রহমান রিমন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী গোলাম সরোয়ার হিরু।

বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার সাতটি ইউনিয়ন, বামনা উপজেলার চারটি ইউনিয়ন ও বেতাগী উপজেলার সাতটি ইউনিয়ন এবং পাথরঘাটা ও বেতাগী পৌরসভা নিয়ে বরগুনা-২ আসনটি গঠিত।

এ আসনের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩১ হাজার ৩ জন। যাদের মধ্যে ১ লাখ ১২ হাজার ৭৫৭ জন পুরুষ এবং ১ লাখ ১৮ হাজার ২৪৬ জন নারী ভোটার।