কক্সবাজারে মারামারিতে দোকান কর্মচারী নিহত
কক্সবাজার শহরে এক দোকানের দুই কর্মচারীর মারামারিতে একজনের মৃত্যু হয়েছে।
অপরজনকে অটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনায় মারা যান ঝাউতলায় ভাঙারি দোকান তানিয়া এন্টারপ্রাইজের কর্মচারী আবদুর রহমান (২৬)। তিনি ভোলার চরফ্যাশন উপজেলার আবদুল শহীদের ছেলে।
মৃতের ভাই নুরুন্নবীর বরাত দিয়ে কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন জানান, তানিয়া এন্টারপ্রাইজের মালিক হাজি শহীদুল সকালে নাস্তার জন্য তার দুই কর্মচারীকে টাকা দেন। এই টাকার ভাগবাটোয়ারা নিয়ে ঝগড়া ও মারামারি হয় আবদুর রহমান ও আনুর মধ্যে।
এক পর্যায়ে দোকানে থাকা ভাড়ি মালামালের একটি অংশ নিয়ে আবদুর রহমানের শরীরের বিভিন্ন অংশে আঘাত করে আনু।
আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে রহমানের মৃত্যু হয়।
মারামারির পর আনুকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
