অবশেষে উড়ল ‘বুড়ো উড়োজাহাজ’
সৌদি আরবের ছাড়পত্র পেয়ে সোমবার সকালে জেদ্দার উদ্দেশে রওনা হয়েছে নাইজেরিয়ার বিমান সংস্থা কাবো এয়ার থেকে ভাড়ায় আনা বোয়িং ৭৪৭ উড়োজাহাজটি, যেটি দিয়ে এ বছরের হজ ফ্লাইট চালু হওয়ার কথা ছিল।
শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট শুরু হলেও বয়স বেশি হওয়ায় ভাড়ায় আনা এ উড়োজাহাজটি সৌদি আরব বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ছাড়পত্র না পাওয়ায় রোববার পর্যন্ত এটি দিয়ে ফ্লাইট শুরু করা সম্ভব হয়নি।
রোববার সন্ধ্যায় সৌদি আরবে যাওয়ার জন্য ছাড়পত্র পায় উড়োজাহাজটি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কেভিন স্টিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৫৭৮ জন হজযাত্রী নিয়ে কাবোর বোয়িং ৭৪৭ উড়োজাহাজটি সোমবার সকাল ১০টা ৫০ মিনিটে জেদ্দার উদ্দেশে রওয়ানা হয়েছে।
বিমানের কর্মকর্তারা জানান, দুপুর ১২টা ৪০ মিনিটে বিমানের নিজস্ব একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ৪১৯ জন হজযাত্রী নিয়ে জেদ্দা রওনা হয়।
এছাড়াও বিকাল সাড়ে ৪টায় বিমানের আরেকটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ৪১৯ জন হজযাত্রী নিয়ে জেদ্দায় উড়াল দেয়।ভ
কেভিন স্টিল বলেন, “বিমানের দুটি ডিসি ১০ উড়োজাহাজকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে যেন (হজযাত্রায়) যে কোনো ধরনের বিপর্যয় এড়ানো য়ায়।”
বয়স বেশি হওয়ায় কাবোর এই উড়োজাহাজটির ছাড়পত্র পেতে সমস্যা হচ্ছিল বলে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
নাইজেরিয়ার বিমান সংস্থা কাবো থেকে শুক্রবার সন্ধ্যায় বোয়িং ৭৪৭ উড়োজাহাজটি ভাড়ায় আনে বিমান।
তবে সৌদি আরবের ছাড়পত্র না পাওয়ায় শনিবার জেদ্দা যাওয়ার কথা থাকলেও ৪১৯ জন হজ যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে বিমানের নিজস্ব বোয়িং ৭৭৭ উড়োজাহাজ। এ কারণে প্রথম দিনই বিড়ম্বনায় পড়তে হয় ১৬৩ জন হজযাত্রীকে।
এছাড়া রোববার এই উড়োজাহাজের কারণে বিমানের ডিসি ১০ মডেলের উড়োজাহাজ দিয়ে ৩১৪ জন হাজিকে রোববার সকালে জেদ্দা পাঠানো হয়। এতে আটকা পড়েন ২৬৮ জন হজযাত্রী ।
২০০৯ সালে উড়োজাহাজ ভাড়া দেয়া নিয়ে জালিয়াতির জন্য নাইজেরিয়ার বিমান সংস্থা কাবোকে কালো তালিকাভুক্ত করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
