হেফাজত নেতা ওয়াক্কাস ১৫ দিনের রিমান্ডে
হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি মোহাম্মদ ওয়াক্কাসকে পৃথক পাঁচ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
ঢাকার মহানগর হাকিম এস এম আশিকুর রহমান সোমবার বিকেলে এ আদেশ দেন।
গত ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ চলাকালে রাজধানীতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মতিঝিল থানার তিন মামলা ও পল্টন থানার দুই মামলায় ওয়াক্কাসকে রিমান্ডে নেয়ার এ আদেশ দেয়া হয়। প্রতিটি মামলায় তিন দিন করে মোট ১৫ দিনের হেফাজত মঞ্জুর করেন বিচারক।
পাঁচ মামলার তদন্ত কর্মকর্তারা আসামিকে আদালতে হাজির করে ১০ দিন করে মোট ৫০ দিন হেফাজতে নেয়ার আবেদন করেন।
রিমান্ড আবেদনেরপক্ষে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের পিপি আব্দুল্লাহ আবু আদালতে বলেন, গত ৫ মে হেফাজত ইসলামের সমাবেশে মুফতি ওয়াক্কাস সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য রাখেন। তার বক্তব্যের পর হেফাজত, জামায়াত-শিবির ও জমিয়তে ইসলামের কর্মীরা পুলিশের ওপর আক্রমণ, গাড়িতে অগ্নিসংযোগ, বিভিন্ন প্রতিষ্ঠানে ভাংচুর ও অগ্নিসংযোগ করে।
এসব ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে ওয়াক্কাসকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি বলে মন্তব্য করেন তিনি।
অপরদিকে জামিন আবেদনের বিরোধিতা করে আসামির আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, মুফতি ওয়াক্কাস ডায়াবেটিসে আক্রান্ত। এছাড়া তার হার্টেও সমস্যা আছে। তাই রিমান্ড আবেদন বাতিল করে তাকে জামিন দেয়া হোক।
গত ২ সেপ্টেম্বর দুপুরে ওয়াক্কাসকে রাজধানীর মালিবাগ এলাকার আবুল হোটেলের সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ।
মুফতি ওয়াক্কাস জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব। তার গ্রামের বাড়ি যশোরের মনিরাপমুর উপজেলায়।
