২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিমন্ত্রীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদারের কাছে মোবাইল ফোনে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2013, 09:53 PM

Updated : 25 Apr 2022, 07:13 PM

টাকা না পেলে প্রতিমন্ত্রীকে প্রাণনাশের হুমকিও দেয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

এ অভিযোগে পুলিশ কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছে।

জিডিতে বলা হয়, সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটে পটুয়াখালীর জনৈক ফয়সাল নামের এক যুবক মন্ত্রীকে মোবাইল ফোনে এ হুমকি দেন। এ সময় মন্ত্রী ঢাকায় ছিলেন।

কলাপাড়া থানার ওসি তারেকুজ্জামান জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে সোমবার বিকালে একটি জিডি করা হয়েছে।

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সাংসদ প্রতিমন্ত্রী মাহাবুবর রহমান তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে পটুয়াখালী থেকে ফয়সাল নামের এক যুবক মোবাইল নম্বর থেকে ফোন দেয়।

“ফয়সাল বলে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার ছেলেদের খরচপাতি আছে। সে খরচ চালানোর জন্য আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।”

প্রতিমন্ত্রী জানান, চাঁদার টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেয় ওই যুবক।

পটুয়াখালী পুলিশ সুপার ও র‌্যাব-৮ এর অধিনায়ককে বিষয়টি অবগত করে ব্যবস্থা নিতে বলছেন বলেও জানান প্রতিমন্ত্রী।

তবে মন্ত্রীর দেয়া নাম্বারে ফোন করলে ফয়সাল নামে এক যুবক নিজেকে ঠিকাদার বলে পরিচয় দেন।

ফয়সাল প্রতিমন্ত্রীর অভিযোগ ‘ভিত্তিহীন’ উল্লেখ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মন্ত্রীর নির্বাচনী এলাকায় সেইভ দ্যা চিলড্রেনের মাধ্যমে একটি প্রকল্পে স্কুল ও সাইক্লোন শেল্টারের জন্য অর্ধকোটির টাকার উন্নয়নমূলক কাজের প্রক্রিয়া চলছে। 

“প্রতিমন্ত্রীর কাছের লোকজন সেই কাজ ভাগ-বাটোয়ারা করে নিচ্ছেন। আমাকে টেন্ডার দিতে দেয়নি তার অনুসারী ঠিকাদাররা। এ বিষয়টিই তাকে জানিয়েছি।”

ফয়সাল আরো বলেন, “বিষয়টি তাকে জানিয়ে বলেছিলাম, আপনি একজন সম্মানিত ব্যাক্তি। টেন্ডারের বিষয় আপনার লোকজন এভাবে করবে এটা ঠিক না। এতে তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে বেয়াদব, ব্যাটা- পিটাইয়া চামরা তুলে দেব। তুই আমাকে চিনিস বলে ফোন কেটে দেন।

“আমি আবার তাকে কল করে বলি, আপনি আমাকে বেয়াদব বলতে পারেন না। আমি আপনার কথা মোবাইলে রেকর্ড করেছি। এতেই ক্ষিপ্ত হয়ে তিনি আমার বিরুদ্ধে এ সব অভিযোগ করেছেন”, বলেন ফয়সাল।

ফয়সালের এ বক্তব্যের পর প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়।

পটুয়াখালী পুলিশ সুপার রফিকুল হাসান গণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে গ্রামীণ ফোনের কাছে রেকর্ড ডকুমেন্ট চেয়েছি। বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়া হবে।

র‌্যাব-পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক এএসপি মারুফ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিষয়টি তারা জেনেছেন এবং খোঁজ-খবর নিচ্ছেন।