২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবজমিনের বিরুদ্ধে মানহানির মামলা

দৈনিক মানবজমিন পত্রিকার প্রকাশক, প্রধান সম্পাদক ও এক প্রতিবেদকের বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে চাঁদপুরের একটি আদালতে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2013, 09:00 PM

Updated : 25 Apr 2022, 07:13 PM

সোমবার দুপুরের চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-১ এর বিচারক অসিম কুমার দে এর আদালতে মামলাটি দায়ের করেন নুরুল হায়দার সংগ্রাম।

বিচারক মামলাটি আমলে নিয়ে আগামী ৮ অক্টোবর বিবাদী দৈনিক মানবজমিন পত্রিকার প্রকাশক মাহবুবা চৌধুরী, প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও জ্যেষ্ঠ প্রতিবেদক মিজানুর রহমানকে আদালতে তলব করেছেন।

বাদীপক্ষের আইনজীবী আহসান হাবিব জানান, গত ১৭ জুলাই মানবজমিনে ‘দীপু মনির বিশ্ব রেকর্ড’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের ভিত্তিতে ৫০০/৫০১/৫০২ ও ৩৪ ধারায় একশ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়।

মামলায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, তার বড় ভাই জে আর ওয়াদুদ টিপু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওসমান গনি পাটওয়ারীসহ ১৮ জনকে সাক্ষী করা হয়েছে।