২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কূটনীতিকদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

আগামী নির্বাচন অনুষ্ঠান নিয়ে চলমান রাজনৈতিক উত্তাপের মধ্যে ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের কাছে নিজেদের দাবি ও অবস্থান তুলে ধরেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2013, 08:26 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

সোমবার বিকালে গুলশানের হোটেল হ্যারিটেজে এই বৈঠক হয়।

এতে  ফ্রান্স, জার্মানি, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, স্পেন, সৌদি আরব,ভ্যাটিক্যান সিটি ও  ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, কানাডা, নেপাল, সিঙ্গাপুর, মরক্কো, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, ফিলিস্তিন ও নেদারল্যান্ডসের কূটনীতিকরা বৈঠকে অংশ নেন।

বিএনপির  ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, ওসমান ফারুক, রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ ও সহসভাপতি শমসের মবিন চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন।

বিকাল সোয়া ৩টা থেকে এক ঘণ্টার এই বৈঠকে আগামী নির্বাচন ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরা হয়।

বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে বিএনপি নেতারা সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক কোনো কথা বলতে রাজি হননি।

তবে বৈঠকে অংশ নেয়া বিএনপির একাধিক নেতা অনানুষ্ঠানিকভাবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী নির্বাচন অনুষ্ঠান, নির্দলীয় সরকার ব্যবস্থা পুনর্বহালের প্রয়োজনীয়তা, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সংলাপ অনুষ্ঠান নিয়ে দলীয় অবস্থান নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

রাষ্ট্রদূত ও কুটনীতিকদের নানা প্রশ্নের জবাবও দেন বিএনপি নেতারা।

প্রায় দুই বছর আগে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করার পর থেকেই তা পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে বিরোধী দল বিএনপি ও তাদের শরিকরা।

সংবিধান অনুযায়ী,  আগামী ২৭ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হওয়ার কথা। এর বিরোধিতায় বিএনপি নেতারা বলছেন, দলীয় সরকারের অধীনে নির্বাচনে তারা যাবেন না।

অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। এর একটি রূপরেখা আইনমন্ত্রী শফিক আহমেদ সংসদের আগামী অধিবেশনে উত্থাপন করবেন বলে ইতোমধ্যে  আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিরোধী দলের কোনো প্রস্তাব থাকলে তা সংসদে তোলারও আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।

অবশ্য বিএনপি বলছে, ১২ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে তারা যাবে কি না সে সিদ্ধান্ত এখনো হয়নি। 

দুই দলের এই অনড় অবস্থানের কারণে রাজনৈতিক সঙ্কট সৃষ্টির আশঙ্কায় জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ ও সংস্থার পক্ষ থেকে সংলাপ ও সমঝোতার তাগিদ দেয়া হচ্ছে।