২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে চার টন পলিথিন জব্দ

সাভারের বিভিন্ন কাঁচাবাজারে অভিযান চালিয়ে প্রায় চার টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2013, 08:20 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

সোমবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইং ও পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুল আলম বলেন, পলিথিনের যথেচ্ছ ব্যবহারের কারণে নদী-নালা, খাল-বিল, ড্রেনের তলদেশ ভরাট হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং কৃষি জমির উর্বরতা শক্তি নষ্ট হচ্ছে।

তিনি বলেন, এ কারণে প্রথমে সাভার পৌর এলাকার নামাবাজারে, সাভার বাজার বাসস্ট্যান্ডের পাশের কাঁচাবাজারে এবং চকোরী সুপার মার্কেটের কয়েকটি পাইকারি পলিথিন বিক্রির দোকানে অভিযান চালানো হয়।

জব্দ করা পলিথিন পরিবেশ অধিদপ্তরের আগারগাঁও কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

এছাড়া এ অভিযানে অবৈধ পলিথিন মজুদের দায়ে সাতটি গোডাউনের মালিকের কাছ থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মো. শামছুল আলম।