এনবিআর ব্যাখ্যা চাইবে গ্রামীণ ব্যাংকের কাছে
মুহাম্মদ ইউনূসের কর সংক্রান্ত অনিয়মের বিষয়ে গ্রামীণ ব্যাংকের কাছে ব্যাখ্যা চাইবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সেই ব্যাখ্যা ‘সন্তোষজনক’ না হলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন।
অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে নোবেলজয়ী ইউনূসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে রোববার দুপুরে মন্ত্রিসভার সিদ্ধান্তের পর সন্ধ্যায় সাংবাদিকদের একথা বলেন তিনি।
গোলাম হোসেন বলেন, “আমরা ইউনূস সাহেব নন, গ্রামীণ ব্যাংকের কাছে ব্যাখ্যা চাইব। তাদের ব্যাখ্যা সন্তোষজনক না হলে আইনে যা আছে, তাই হবে।”
কবে চাওয়া হবে- জানতে চাইলে তিনি বলেন, “অলরেডি প্রক্রিয়া শুরু হয়ে গেছে।”
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিকালে সাংবাদিকদের বলেন, “আমার ধারণা, এনবিআর তাকে একটি নোটিস দিতে পারে, সেই নোটিসে তিনি কেন এটা করেছেন এবং কেন অনুমতি নিয়ে যাননি, সেটা জানতে চাওয়া হবে।”
রাজস্ব বোর্ড (এনবিআর) এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) প্রতিবেদন দেখে সোমবার মন্ত্রিসভা ইউনূসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়।
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে ইউনূস ওয়েজ আর্নার হিসেবে কত টাকা বিদেশ থেকে এনেছেন এবং তিনি তা আনতে পারেন কি না, এনে থাকলে কী পরিমাণ কর অব্যাহতি নিয়েছেন- এসব বিষয় খতিয়ে দেখতে ২০১২ সালের ২ আগস্ট এনবিআরকে প্রতিবেদন দিতে বলে মন্ত্রিপরিষদ।
এর ভিত্তিতে এক বছর তদন্ত চালিয়ে এই প্রতিবেদন তৈরি করে এনবিআর ও আইআরডি। আইআরডির পক্ষ থেকে প্রতিবেদনটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়।
গোলাম হোসেন বলেন, “আমরা (এনবিআর) শুধু কর সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কাজ করবো। আমরা কী কী করতে পেরেছি, তা জেনারেল ফরম্যাটে আজ উপস্থাপন করেছি। পরবর্তী ধাপে এনবিআর সংক্রান্ত বিষয়গুলো বাছাইয়ের কাজও শুরু হয়ে গেছে।”
মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, ইউনূসের বিরুদ্ধে কর সংক্রান্ত বিধি লঙ্ঘনের ক্ষেত্রে ব্যবস্থা নেবে এনবিআর। আর ব্যাংকের অনিয়মের বিষয়ে ব্যবস্থা নেবে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগ।
এনবিআর চেয়ারম্যান বলেন, “তদন্তে গ্রামীণ ব্যাংকের বিষয়ে অন্য যে সব অভিযোগ উঠেছে, সে সব বিষয়ে সরকারের অন্য সংস্থা ব্যবস্থা নেবে। আমরা শুধু কর সংক্রান্ত বিষয়গুলোই দেখব।”
তদন্ত প্রতিবেদনে আইআরডি বলেছে, “আয়কর অব্যাহতির যে সুবিধা ইউনূস নিয়েছেন তা বিধিসম্মত হয়নি। গ্রামীণ ব্যাংক আইনে ব্যাংককে আয়কর অব্যাহতি দেয়া হয়েছে, ব্যাংকের অন্য কোনো প্রতিষ্ঠানকে নয়।”
গ্রামীণ ব্যাংকের সাবেক এমডি ইউনূসকে সরকারি কর্মচারী উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, ‘পাবলিক সার্ভেন্ট’ হিসাবে বিদেশ যাওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নেয়ার আবশ্যকতা থাকলেও তিনি তা নেননি।
এনএসসি সম্মেলন কেন্দ্রে দেশের অর্থনীতির সামগ্রিক চিত্র তুলে ধরার অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ছবি: নয়ন কুমার/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
“তবে সরকারেরও দোষ আছে, তার ১৩টি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে সরকারের লোক ছিল, তারাও কখনো বলেনি।”
মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০০৪ থেকে ২০১১ সাল পর্যন্ত ইউনূস ১৩৩টি বিদেশি প্রতিষ্ঠান থেকে সম্মানী, ১০টি পুরস্কার এবং ১৩টি রয়্যালটি পেয়েছেন বলে তদন্তে উঠে এসেছে।
ইউনূসের এসব অর্থের বিষয়ে আয়কর বিবরণীতে সঠিক তথ্য উপস্থাপন করা হয়নি দাবি করে তিনি বলেন, তাকে শর্ত সাপেক্ষে আয়কর রির্টার্ন দেয়া হয়েছিল। অনেক ক্ষেত্রেই ওই শর্ত লঙ্ঘিত হয়েছে। তার প্রতিষ্ঠানের আয়কর রিটার্নে এই তথ্যগুলো আসেনি।
“আয়কর রিটার্নে সঠিকভাবে তথ্য পরিবেশন না করা আইনের লঙ্ঘন। যারা এই রিটার্ন তৈরি করেছেন, তারা যেমন এজন্য দায়ী এবং এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসাবে তিনিও (ইউনূস) এই দায় এড়াতে পারেন না।”
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “দায়িত্বে থাকাকালে ইউনূস ক্ষমতার অপব্যবহার করে তার পারিবারিক প্রতিষ্ঠানকে স্বল্প সুদে ঋণ দেন। এখানে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট আছে। তাই ক্ষমতার অপব্যবহার হয়েছে বলে এনবিআরের প্রতিবেদনে বলা হয়েছে।”
গ্রামীণ ব্যাংকের পদ থেকে অপসারণের পর সম্পর্কের টানাপোড়েনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ইউনূসের রাজনৈতিক অবস্থান জানানোর প্রেক্ষাপটে সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিল।
তিন বছর আগে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণের পর থেকে গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের নানা পদক্ষেপের প্রতিক্রিয়া জানিয়ে আসছিলেন ইউনূস।
নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি প্রামাণ্যচিত্রে ইউনূসের বিরুদ্ধে অর্থ এক তহবিল থেকে অন্যটিতে সরানোর অভিযোগ ওঠার পর ২০১১ সালে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ইউনূসকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ব্যাংক।
মিরপুরের ইউনূস সেন্টারে মঙ্গলবার মুক্তিযোদ্ধা গণপরিষদ নামে একটি সংগঠনের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে মুহাম্মদ ইউনূস। ছবি: নয়ন কুমার/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
এরপর সরকার গ্রামীণ ব্যাংকের বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয়, গঠিত হয় গ্রামীণ ব্যাংক তদন্ত কমিশনও।
দেশে-বিদেশে সমালোচনার মধ্যে এই উদ্যোগ নেয়ার কারণ জানতে চাইলে- মুহিত সাংবাদিকদের বলেন, “নরওয়ের টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পর আপনাদের দাবির প্রেক্ষিতেই এটা করা হয়েছে।
“১৯৮৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ড. ইউনূস যা কিছু করেছেন, কোনো ক্ষেত্রেই সরকারের অনুমতির তোয়াক্কা করেননি। এ নিয়ে গত ৩০ বছর কেউ তাকে কিছু বলেনি, কিন্তু বর্তমান সরকার বিষয়টি আমলে নিয়েছে।”
এসব বিষয়ে বাংলাদেশ ব্যাংক কোনো ব্যবস্থা নেবে কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন “এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের কিছু করণীয় নেই, গ্রামীণ ব্যাংক কমিশনের চূড়ান্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত এ বিষয়ে অপেক্ষা করতে হবে।”
গ্রামীণ ব্যাংক নিয়ে বিএনপির সমর্থন পাওয়া ইউনূস গত মাসেই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে নিজের অবস্থান জানান, যে দাবিতে আন্দোলনে রয়েছে প্রধান বিরোধী দল।
ইউনূসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সিদ্ধান্তেরও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, রাজনৈতিক বক্তব্যের কারণে সরকার ‘নাখোশ’ হয়ে এই পদক্ষেপ নিয়েছে।
