২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বিএনপি নেতা খুন: গ্রেপ্তার নেই

সাতক্ষীরা জেলা মৎস্যজীবী দলের সম্পাদক আমান উল্লাহ আমানকে হত্যার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও চিহ্নিত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2013, 12:05 AM

Updated : 23 Aug 2022, 06:52 PM

শনিবার ভোররাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে  সন্দেহভাজন সাতজনকে আটক করা হলেও মামলার এজাহারে তাদের কারো নাম নেই।

শুক্রবার জেলার শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা বিএনপির কর্মীসভায় শুরু হওয়া সংঘর্ষের মধ্যে পিটুনিতে নিহত হন আমান।

ঘটনার রাতেই নিহতের মা ফাতেমা খাতুন জেলা বিএনপির সভাপতি হাবিবুল ইসলাম হাবিবসহ ৫৪ জনের নাম উল্লেখ করে একটি হত্যামামলা দায়ের করেন।

রোববার এক সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক বজলুর রহমান দাবি করেন, হাবিবের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মামলা করা হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত নন।  

দলের জেলা শাখার সম্পাদক সৈয়দ ইফতেখার আলী, জাসাস সভাপতি একলেসার আলী বাচ্চু ও শ্রমিক দল সভাপতি আব্দুস সামাদ সরকারদলীয় কয়েক নেতার সঙ্গে যোগসাজশে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

সদর থানার ওসি শাহজাহান আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমান হত্যার ঘটনায় আসামি গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। অভিযান এখনো অব্যাহত রয়েছে।