২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রাবাসে জবাই যুবক রাবি শিক্ষার্থী

রাজশাহী নগরীতে একটি ছাত্রাবাসে শুক্রবার খুন হওয়া যুবককের পরিচয় মিলেছে তিনদিন পর।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2013, 02:28 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

নিহত শাহাদত হোসেন লিটন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র বলে তার স্বজনরা নিশ্চিত করেছেন।

শাহাদত চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর গ্রামের লোকমান আলীর ছেলে। তিনি নগরীর তেরখাদিয়া এলাকায় একটি ছাত্রবাসে থাকতেন।

রাজপাড়া থানার ওসি এবিএম রেজাউল করিম বলেন, রোববার পত্রিকায় প্রকাশিত ছবি দেখে তার পরিবারের সদস্যরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তার মৃতদেহ সনাক্ত করেছেন।

ওসি বলেন, এ ঘটনায় এসআই এএম ফারুক হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।

ওই মামলায় আটক চারজনকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন জানিয়ে রোববার সকালে তাদের আদালতে হাজির করা হয়েছে।

এরা হলেন আশরাফুজ্জামান, আবুল হোসেন, আশিকুর রহমান ও সানিয়াত হোসেন।

আটকদের বরাত দিয়ে ওসি জানান, নেশার অর্থ জোগাড় করতে ছাত্রবাসের সামনের রাস্তা থেকে কৌশলে তাকে অপহরণ করে মেসের চারতলায় নিয়ে যায় প্যারামেডিকেল কলেজের ছাত্র আশরাফুজ্জামান ও আবুল হোসেনসহ তিনজন।

সেখানে তার কাছ থেকে মোবাইল ফোন সেট ও নগদ অর্থ কেড়ে নেয়ার সময় তাকে জবাই করে তারা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফুজ্জামান ও আবুল হোসেন একথা স্বীকার করে বলে ওসি জানান।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর তেরোখাদিয়া এলাকায় নির্মাণানাধীন ছাত্রাবাসের ৪র্থ তলার রান্নাঘরে শাহাদত হোসেন লিটনকে জবাই করা হয়।

এরপর পালানোর সময় প্যারামেডিকেল কলেজের চার ছাত্রকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী।