রাজধানীতে শিবিরের মিছিল, আটক ২
কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে রাজধানীর মহাখালীর ওয়্যারলেস গেইট এলাকায় ইসলামী ছাত্র শিবির কর্মীদের মিছিলের চেস্টার সময় দুই জনকে আটক করেছে পুলিশ।
বনানী থানার ওসি মাহবুব হোসেন ভূইয়া জানান, রোববার সকাল ১০টার দিকে বৃষ্টির মধ্যে মিছিল করার জন্য ওই এলাকায় জড়ো হয় শিবির কর্মীরা।
এ সময় পুলিশ ধাওয়া দিয়ে দুই জনকে আটক করে। বাকিরা দ্রুত আশেপাশের গলিতে পালিয়ে যায়।
“পুলিশ ধাওয়া দিলে আতঙ্ক সৃষ্টির জন্য একটি প্রাইভেট কার থেকে তিনটি হাতবোমা ফাটানো হয়। তবে এতে কেউ আহত হননি।”
ওসি বলেন, আটক দুজন শিবিরকর্মী বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে।
শিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. দেলাওয়ার হোসেনসহ কারাবন্দি নেতা-কর্মীদের মুক্তির দাবিতে রোববার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা রয়েছে জামায়াতে ইসলামীর এই সহযোগী সংগঠনের।
শিবিরের সেক্রেটারি জেনারেল মো.আবদুল জব্বার শনিবার এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন।
