২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংখ্যালঘুদের বিরুদ্ধে না যাওয়ার আহ্বান সুরঞ্জিতের

সংসদের আগামী অধিবেশনেই অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের ‘খ’ তফসিল বাতিলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা চেয়েছেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2013, 11:10 PM

Updated : 25 Apr 2022, 07:13 PM

একই সঙ্গে মন্ত্রিসভার অনুমোদন পাওয়া দেবোত্তর সম্পত্তি ব্যবস্থপনা আইন পাস না করারও দাবি জানান তিনি।

দুটি ‘ক্যাটাগরিতে’ অর্পিত সম্পত্তির তালিকা করা হয়েছে। এর মধ্যে ‘ক’ তালিকাভুক্ত সম্পত্তি সরকারের দখলে রয়েছে বা ইজারা দেয়া হয়েছে। আর ‘খ’ তালিকার সম্পত্তি সরকারের দখলে বা ইজারায় নেই।

এর মধ্যে ‘ক’ তালিকাভুক্ত সম্পত্তি নিয়ে মামলা নিষ্পত্তিতে ৬১টি জেলায় একটি করে ‘অর্পিত সম্পত্তি প্রর্ত্যপণ আদালত (ট্রাইব্যুনাল) এবং আপিল ট্রাইব্যুনাল করার প্রস্তাব গত এপ্রিলে অনুমোদন করে মন্ত্রিসভা।

বিদ্যমান আইন অনুযায়ী মূল ট্রাইব্যুনাল পরিচালনা করতো জেলা জজ আদালত, আর আপিল করতে হতো সুপ্রিম কোর্টে।

সুরঞ্জিত বলেন, “কিছু মানুষের সুবিধার জন্য বিশাল জনগোষ্ঠীর স্বার্থের বিরুদ্ধে যাবেন না। মতলবি, অসাধু প্রচেষ্টাকে রুখতে আগামী সংসদ অধিবেশনের প্রথম সপ্তাহেই অর্পিত সম্পত্তি আইনের ‘খ’ তফসিল বাতিলে ব্যবস্থা নিন।

শনিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের ‘খ’ তফসিল এবং দেবোত্তর সম্পত্তি ব্যবস্থাপনা আইন বাতিলের দাবিতে’ এক প্রতিবাদ সভায় সুরঞ্জিত এ কথা বলেন।

বাংলাদেশ যুব আইনজীবী পরিষদ এ সভার আয়োজন করে।

সুরঞ্জিত বলেন, “একদিকে যুদ্ধাপরাধীদের বিচার করছেন আর অন্যদিকে সংখ্যালঘুদের সম্পত্তি দখল করে নিচ্ছে। এই অন্যায় যুদ্ধাপরাধের অন্যায়ের চেয়ে কতবড় অন্যায় সেটা কে বলবে?”

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এ সদস্য বলেন, “যখন এ দেশে একটি অসম্প্রদায়িক সরকার আসে তখনই সংখ্যালঘুরা ভাবে এবার বুঝি কিছু একটা হবে। কিন্তু শেষ পর্যন্ত হয় না। হওয়ার মধ্যে হয়েছে আমি খুচরা মন্ত্রী আর নিম চন্দ্র রাষ্ট্রদূত।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত নিম চন্দ্র ভৌমিক।

সুরঞ্জিত বলেন, “সম্পত্তির ভাগের জন্য মুসলমানের জন্য একটি আইন রয়েছে। হিন্দুদের জন্য আরেকটি আইন রয়েছে। এরমধ্যে রাষ্ট্র বা সরকারের আসার কোনো দরকার নেই। এই অত্যাচার অমানবিক।”

দেবোত্তর সম্পত্তি আইন প্রসঙ্গে তিনি বলেন, “এমনিতেই দেবতাদের শক্তি নেই। বাংলাদেশের রামুতে বুদ্ধের শক্তি নেই। আবার মিয়ানমারে বুদ্ধ রোহিঙ্গাদের তাড়িয়ে দিচ্ছে। বাংলাদেশে এ পর্যন্ত যেসব দেবোত্তর সম্পত্তি বেদখল হয়েছে তা উদ্ধারে যদি সরকার চেষ্টা করে তবে সরকারকে সাধুবাদ জানাই, দখলকারীদের বিরুদ্ধে যদি কোনও আইনি ব্যবস্থা নেয় তবে তা সমর্থন করি।

“কিন্তু কিছু মানুষের স্বার্থ রক্ষার জন্য সংখ্যালঘু সম্প্রদায়কে ধ্বংস করবেন না। দেবোত্তর সম্পত্তি দেবতাই রক্ষা করবে।”

দপ্তরবিহীন এই মন্ত্রী বলেন, “যারা আমাদের দেশে অসাম্প্রদায়িকতার রূপ ধারণ করে সাম্প্রদায়িকতার রাজনীতি করছেন, তাদের যদি সরকার রুখতে না পারে তবে আমরা চরমভাবে হতাশ হব।”

বাংলাদেশ যুব আইনজীবী সংঘের আহ্বায়ক অ্যাডভোকেট তপো গোপাল ঘোষের সভপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য নিম চন্দ্র ভৌমিক, যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব।