আরিফের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ
গণজাগরণ মঞ্চের কর্মী ও উদীচীর কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফ নূরের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ হয়েছে।
শনিবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে উদীচী চট্টগ্রাম জেলা সংসদ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
আরিফের ওপর হামলার জন্য মৌলবাদীদের দায়ী করা হয় সমাবেশ থেকে।
মৌলবাদীদের রুখতে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।
সমাবেশে উদীচী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. চন্দন দাশ, চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক সুনীল ধর, সাংস্কৃতিক সংগঠক দেওয়ান মাকসুদ, যুব ইউনিয়নের চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি আরিফউল্লাহ হাই, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তৌহিদ টিপু প্রমুখ বক্তব্য দেন।
যুদ্ধাপরাধীদের শাস্তি কার্যকর ও সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবিও জানানো সমাবেশ থেকে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে চেরাগী পাহাড় মোড়ে গিয়ে শেষ হয়।
শুক্রবার রাতে রাজধানীর পরীবাগে দুর্বৃত্তদের হামলায় আহত হন আরিফ।
