সুরমা নদীতে নৌকাবাইচ
সিলেটের সুরমা নদীতে শনিবার অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ।
রকমারি পোশাকপরা মাঝি-মাল্লারা বাহারি রঙের ২০টি নৌকা নিয়ে এই প্রতিযোগিতায় অংশ নেন। প্রচণ্ড রোদ উপেক্ষা করে বাইচ দেখতে নদী পাড়ে অবস্থান নেন হাজারো দর্শক।
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও বাংলাদেশ রোইং ফেডারেশনের তত্ত্বাবধায়নে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হয় বিভাগীয় এই প্রতিযোগিতা।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অনুষ্ঠানের বক্তব্যে তিনি আবহমান বাংলার এই ঐতিহ্যকে দেশময় ছড়িয়ে দেয়ার আহবান জানান।
প্রতিযোগিতায় তিনটি দলে প্রথম হয়েছে ফেঞ্চুগঞ্জ উপজেলার ফকিরপাড়া গ্রামের পংকি মিয়ার নৌকা, সুনামগঞ্জের নোয়াই গ্রামের আফাজ উদ্দিনের নৌকা ও কোম্পানিগঞ্জ উপজেলার পুটামারা গ্রামের হানিফ আলীর নৌকা।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, রোইং ফেডারেশনের সহ-সভাপতি খুরশেদ আলম, সাধারণ সম্পাদক মো. মনিরুল আলম, সংসদ সদস্য জেবুন্নেচ্ছা হক, সিলেটের বিভাগীয় কমিশনার এএনএম জিয়াউল আলম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
