না’গঞ্জে অপহৃত ৩ কিশোরী উদ্ধার জামালপুরে
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অপহৃত তিন কিশোরীকে জামালপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার জামালপুর রেল স্টেশনে তাদের উদ্ধার করার সময় দুই নারীকে গ্রেপ্তারও করা হয়।
গ্রেপ্তাররা হলেন নাসরিন (৪৫) ও মনি মালা (৫০)।
নাটকে কাজ করার প্রলোভন দেখিয়ে চারদিন আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে এনে এ তিন কিশোরীকে জোর করে দেহব্যবসায় জড়ানোর চেষ্টা করা হয়েছিল বলে জানান, জামালপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিশোরীদের বয়স ১৪ থেকে ১৫ বছরের মধ্যে। তাদেরকে শহরের নাসরিন সাজঘরের মালিক মনি মালার বাসায় রেখে নির্যাতন করা হয়।
শনিবার কিশোরীরা ওই বাসা থেকে পালিয়ে রেল স্টেশনে এলে ফিরিয়ে নিতে আসে মনি মালা। টানাহেঁচড়া করার সময় বিষয়টি পুলিশের নজরে আসে।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান পুলিশ সুপার।
