২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট দিন, সাক্ষরতা শতভাগে নিয়ে যাব: প্রধানমন্ত্রী

আজিমপুর গার্লস স্কুল ও কলেজকে সরকারি করার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীতে ফের ক্ষমতায় আসতে পারলে সাক্ষরতার হার শতভাগে নিয়ে যাবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2013, 07:07 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

শনিবার এক জনসভায় তিনি বলেন, “আগামী নির্বাচনে আমি আপনাদের কাছ থেকে নৌকা মার্কায় ভোট চাই। নৌকা শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি দেবে। জঙ্গিবাদ, সন্ত্রাস আর আসবে না। সরকার গঠন করতে পারলে সাক্ষরতার হার শতভাগে নিয়ে যাবো।”

লালবাগ ও কোতয়ালি থানা আওয়ামী লীগের উদ্যোগে বিকালে আজিমপুর গার্লস স্কুল ও কলেজ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।

সমাবেশস্থলে পৌঁছেই প্রধানমন্ত্রী লালবাগ থানার এলাকার আজিমপুর বিদ্যুৎ সাবস্টেশন ও কোতয়ালি থানা এলাকার মিটফোর্ড বিদ্যুৎ সাবস্টেশন উদ্বোধন এবং লালবাগের শহীদ নগরে একটি মাতৃসদন, ইসলামবাগে একটি কমিউনিটি সেন্টারের এবং প্রসন্ন পোদ্দার লেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি স্থাপন করেন।

এরআগে প্রধানমন্ত্রী ইডেন মহিলা কলেজের এক হাজার আসন বিশিষ্ট ১১ তলা হোস্টেল ভবনের উদ্বোধন।

জনসভায় প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে নৌকায় ভোট চাওয়ার পাশাপাশি তার স্কুল জীবনের স্মৃতিচারণ করেন। এ সময় সমাবেশের একেবারে সামনের দিকে উপস্থিত ওই বিদ্যালয়ের শতশত ছাত্রী হর্ষধ্বনি দিতে থাকে।

বক্তব্যের শুরুতেই ‘উপস্থিত ছাত্রী বোনেরা’ কথাটি বলেই শেখ হাসিনা বলেন, “এখানে তো সবাই আমরা নাতির বয়সী।”

আজিমপুর গার্লস স্কুল ও কলেজের সরকারিকরণের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এই স্কুলকে ঢাকার এক নম্বর স্কুল হতে হবে।”

নিজের ছাত্র রাজনীতির হাতেখড়ি এই স্কুল থেকেই উল্লেখ করে ছাত্র জীবনের স্মৃতিচারণ করেন তিনি।

শেখ হাসিনা বলেন, “৬২ সালে ছাত্র আন্দোলনের সময় আমরা শিক্ষকদের এড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় গিয়ে বক্তব্য শুনতাম। বার্ষিক স্পোটর্সে যেমন-খুশি তেমন-সাজোতে প্রথমও হয়েছিলাম। স্কুল শেষে কদবেল কিনে কাঠি দিয়ে খেতে খেতে বাড়ি যাওয়া ছিলো সবচেয়ে আনন্দের।”

৩২ মিনিটের বক্তব্যের শেষ দিকে নৌকা প্রতীকে ভোট চেয়ে ওই এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, “গত নির্বাচনে লালবাগবাসী নৌকা মার্কায় ভোট দিয়ে মোস্তফা জালাল মহিউদ্দিকে নির্বাচিত করে বঞ্চিত হন নাই। আর তারা ধানের শীষে ভোট চেয়ে দেশকে খাদ্য ঘাটতির দেশে পরিণত করেছিলো।”

তিনি বলেন, “আমি মা-বাবা, ভাইদের হারিয়েছি। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আমি চাই বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাড়াক।”

আন্দোলনের কর্মসূচির নামে অরাজক পরিস্থিতি সৃষ্টি করায় বিএনপি’র সমালোচনা করে শেখ হাসিনা বলেন, “বিরোধীদল গণতন্ত্রের ভাষা বোঝে না। তারা মানুষের শিক্ষা আর চিকিৎসা বোঝে না।”

“আন্দোলনের নামে যানবাহন থেকে মানুষ বের করে গায়ে আগুন দিয়ে মারছে। পুলিশ, বিজিবি আর সেনাসদস্য মারছে।”

নির্বাচনের আগে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালায় বলে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “মিথ্যা অপপ্রচার চালায়। তারা বলেছিলো, শাপলা চত্বরে হাজার হাজার লোক মরেছে। আমরা যখন তালিকা চাইলাম, তখন হাজার হাজার লোক ৬১ জন হয়ে গেলো। তারমধ্যে আবার ২৫ জনের ঠিকানা নেই। আর, তিনজন জীবিত ঘুরে বেড়াচ্ছে।”

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, “হুমকি-ধমকিতে কাজ হয়নি। হেফাজতের হুজুররা শাপলা চত্বরে বসেছিলো। তাদের খাওয়াবেন বলে দু’শো গরু জাবাই দেওয়ার কথা বলেও তাদের খাওয়ান নাই।”

লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন, মতিয়া চৌধুরী, নুরুল ইসলাম নাহিদ, মাহাবুব-উল-আলম হানিফ, কামরুল ইসলাম, শেখ ফজলে নূর তাপস, আশরাফুন্নেসা মোশাররফ, পংকজ দেবনাথ, এ এইচ এম বদিউজ্জামান সোহাগ প্রমুখ।