২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এন্তাজুল হক রাবির নতুন নিবন্ধক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন নিবন্ধক (রেজিস্ট্রার) হিসেবে সাময়িকভাবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এম এন্তাজুল হক।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2013, 05:18 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

এছাড়া কলেজ পরিদর্শকের দায়িত্বও পালন করবেন তিনি।

শনিবার বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সভাপতি এই অধ্যাপককে ২০তম নিবন্ধকের দায়িত্ব দেয়া হয়।

উপাচার্যের ব্যক্তিগত সচিবের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সাবেক নিবন্ধক অধ্যাপক নজরুল ইসলামের পদত্যাগের তিন দিন পর এ নিয়োগ দেয়া হল।

সহকারী নিবন্ধক মখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অতিরিক্ত রেজিস্ট্রার ড. শেখ সা’দ আহমেদ স্বাক্ষরিত আদেশে পরবর্তী রেজিস্ট্রার না আসা পর্যন্ত ‘অতিরিক্ত’দায়িত্ব হিসেবে অধ্যাপক এন্তাজুল হককে সাময়িকভাবে রেজিস্ট্রারের দায়িত্ব দেয়া হয়েছে।

অপরদিকে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অধ্যাপক এম এন্তাজুল হক প্রায় ৪০ বছর ধরে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। বর্তমানে রসায়ন বিভাগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার নজরুল ইসলামকে উদ্ধৃত করে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে অধ্যাপক ইলিয়াছ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন প্রচলিত বিধি-বিধান দৃঢ়ভাবে মেনেই কাজ করছে। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এম নজরুল ইসলাম যেসব অভিযোগ করেছেন তা সঠিক নয়।

কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

এ ব্যাপারে অধ্যাপক নজরুল ইসলাম শনিবার তার বিভাগে সাংবাদিকদের ডেকে তার পদত্যাগের কারণ পুনরায় ব্যাখ্যা করেছেন।

তিনি বলেন, উপাচার্যের ব্যক্তিগত সচিব সাহাবুদ্দিন সরকারকে দিয়ে রেজিস্ট্রারের কাজ বণ্টন করে দেয়া বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনের সাথে সাংঘর্ষিক।

“সচিব পরিচয় দিয়ে আমার অধীনস্ত কর্মকর্তাদের দিয়ে বিভিন্ন প্রজ্ঞাপনে স্বাক্ষর করে নিয়েছেন তিনি।”

বিশ্ববিদ্যালয়ে কোনো সচিব পদ নেই দাবি করে তিনি বলেন, কেবল রেজিস্ট্রারই সচিবের পদ বহন করে, আর সাহাবুদ্দিন সরকার উপাচার্যের ‘ব্যক্তিগত’সহকারী মাত্র।

নবনিযুক্ত রেজিস্ট্রারের প্রসঙ্গে তিনি বলেন, একজন ব্যক্তিকে (এন্তাজুল হক) বিভাগের সভাপতি, কলেজ পরিদর্শকের দায়িত্ব দেয়ার পরও তাকে অতিরিক্ত দায়িত্ব দেয়া কতটা যৌক্তিক তা উপাচার্য ভাল বলতে পারবেন।

উপাচার্য অধ্যাপক মিজানউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেউ যদি যোগ্য হয় তাকে একাধিক পদ দিতে কোন আপত্তি নেই।